শহীদ মিনারের পাশে ফেলা আবর্জনা সাফ করল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া ছাত্রলীগের নেতা–কর্মীরা গতকাল শহীদ মিনার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালান l প্রথম আলো
চট্টগ্রামের লোহাগাড়া ছাত্রলীগের নেতা–কর্মীরা গতকাল শহীদ মিনার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালান l প্রথম আলো

চট্টগ্রামের লোহাগাড়ায় শহীদ মিনারের পাশে ফেলা আবর্জনা পরিষ্কার করলেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার সকালে ছাত্রলীগের প্রায় ৫০ জন নেতা-কর্মী পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। মুক্তিযোদ্ধাসহ এলাকার সচেতন মানুষ এ উদ্যোগের প্রশংসা করেছেন।
চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ২০১১ সালে নির্মিত বটতলী শহীদ মিনারের আশপাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছিল। স্থানীয় প্রশাসনকে একাধিকবার বিষয়টি জানানো হলেও আবর্জনামুক্ত করা যায়নি শহীদ মিনার এলাকা। সম্প্রতি ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান, তাঁরা আবর্জনা সাফ করার কাজটি করতে চান।
লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আকতার আহমদ সিকদার জানান, শহীদ মিনারের পাশে ময়লা ফেলা শহীদদের অবজ্ঞা করা। ছাত্রলীগের এ উদ্যোগ প্রশংসনীয়।
জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিদুয়ানুল হক বলেন, ‘শহীদ মিনারের আশপাশে ময়লা ফেলতে দেখে আমাদের খুব খারাপ লাগত। তাই আমরা নিজেরাই এ ময়লা পরিষ্কার করলাম।’
লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির আহ্বায়ক নুরুচ্ছফা চৌধুরী জানান, শহীদ মিনারের আশপাশে ময়লা ফেলার বিষয়টি দুঃখজনক। ভবিষ্যতে শহীদ মিনারের কাছে আবর্জনা না ফেলতে সবাইকে সচেতন করা হয়েছে।
লোহাগাড়া ইউএনও মো. ফিজনূর রহমান বলেন, ভবিষ্যতে আর কেউ যাতে শহীদ মিনারের আশপাশে ময়লা-আবর্জনা না ফেলে, সে ব্যবস্থা নেওয়া হবে।