শহীদ মিনারের পাশের স্থাপনা উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের
কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে থাকা পুরোনো কবর ছাড়া সব স্থাপনা ৪৮ ঘণ্টার মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্দেশনা বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সাত দিনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর নির্দেশের পাশাপাশি রুলও জারি করেন। গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী (সিভিল ডিভিশন), ঢাকার জেলা প্রশাসক ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি ওই নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণের জমিসংক্রান্ত কাগজপত্রও আদালতে দাখিল করতে বলা হয়েছে। আদালতের রুলে শহীদ মিনারের জমি রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। সংস্কৃতিসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা সিটি করপোরেশনের প্রশাসক (দক্ষিণ), গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীসহ আট বিবাদীকে ১২ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।গত ২০ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘বেড়ে উঠেছে কথিত মাজার, হুমকিতে শহীদ মিনার’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ইতিহাসবিদ মুনতাসীর মামুন হাইকোর্টে রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ঢাকা মেডিকেল কলেজের কতিপয় কর্মচারী শহীদ মিনার এলাকার ২০ কাঠা জায়গা দখল করে রেখেছেন। সেখানে লালসালু টাঙানো আছে। আদালত সেখানে থাকা কবর ছাড়া বাকি স্থাপনা ৪৮ ঘণ্টার মধ্যে ভেঙে উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন।