শহীদ মিনারের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার আহ্বান গাফ্ফার চৌধুরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোববার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে ‘একুশের আলোচনা ও আবৃত্তিসন্ধ্যা’ শীর্ষক এক অনুষ্ঠানে সুধীজনেরা। ছবি: প্রথম আলো
রোববার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে ‘একুশের আলোচনা ও আবৃত্তিসন্ধ্যা’ শীর্ষক এক অনুষ্ঠানে সুধীজনেরা। ছবি: প্রথম আলো

অমর একুশে গানের রচয়িতা প্রবীণ সাংবাদিক আবদুল গাফ্‌ফার চৌধুরী বলেছেন, শহীদ মিনারের মূল যে নকশা, তা আজও বাস্তবায়ন করা হয়নি। শহীদ মিনারের সঙ্গে একটি জাদুঘর, একটি পাঠাগার ও গবেষণাকেন্দ্র যুক্ত ছিল। বর্তমান যে শহীদ মিনার, সেটিকে অর্ধসম্পন্ন শহীদ ‍মিনার বলা চলে বলে তিনি মন্তব্য করেন।

গতকাল রোববার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে ‘একুশের আলোচনা ও আবৃত্তিসন্ধ্যা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্যে বাংলা সংবাদকর্মীদের সংগঠন ‘লন্ডন বাংলা প্রেসক্লাব’ জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ‘অমর একুশে এবং বাংলা গণমাধ্যম’ নিয়ে আলোচনা করেন প্রথম আলোর পরামর্শ সম্পাদক কামাল আহমদ। ‘বিলাতের বাংলা পত্রপত্রিকার সংকট ও সম্ভাবনা’ নিয়ে আলোচনা করেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুস সাত্তার এবং ‘বাংলা ভাষার চর্চা ও বিকাশে বিলেতের টিভি চ্যানেলগুলোর ভূমিকা’ নিয়ে আলোচনা করেন চ্যানেল এসের প্রযোজক ফারহান মাসুদ খান।

প্রধান অতিথি আবদুল গাফ্‌ফার চৌধুরী বাংলা ভাষায় ইংরেজি ও হিন্দি শব্দের আগ্রাসনে দুঃখ প্রকাশ করে বলেন, ‘উর্দুর বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। কিন্তু হিন্দি আমাদের বিনা যুদ্ধে গ্রাস করে নিয়েছে। এবার একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। গিয়ে মনে হলো আমি মুম্বাই শহরে আছি। একটাও বাংলা গান হয়নি।’

তিনি বলেন, শিক্ষাব্যবস্থা এত নিচে গেছে যে এখন যারা স্নাতক করে বের হয়, তারা সঠিক বাংলাও লিখতে পারে না, ইংরেজিও লিখতে পারে না। ভাষাকে টিকিয়ে রাখতে হলে একদিনের অনুষ্ঠান না করে এটিকে হৃদয়ে ধারণ করতে হবে এবং এর সংস্কার করতে হবে বলে মনে করেন তিনি।

প্রথম আলোর পরামর্শ সম্পাদক কামাল আহমদ বাংলা ভাষার প্রযুক্তিগত চ্যালেঞ্জের কথা বিশ্লেষণ করে বলেন, বিভিন্ন অপারেটিং সিস্টেম বা প্রচলিত বিভিন্ন প্রযুক্তিপণ্যের সঙ্গে মানানসই বাংলা ফন্ট এখনো তৈরি করা যায়নি। কোনো কোনো প্রযুক্তিপণ্যে বাংলা পড়া যায় না কিংবা অক্ষরগুলো ভেঙে যায়। আবার ইংরেজি অক্ষর ব্যবহার করেই বাংলা সফটওয়্যারের কোড লিখতে হচ্ছে। বিশ্বব্যাপী ইংরেজি ভাষা ছড়িয়ে দেওয়ায় ব্রিটিশদের সফলতার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ভাষাকে টিকিয়ে রাখতে হবে।

লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সালাউদ্দিন শাহীন, শহিদুর রহমান সাগর, তৌহিদ শাকিল, জাকি রেজওয়ানা প্রমুখ।