শহীদ মিনারের মূল নকশা আজও বাস্তবায়ন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’ গানের রচয়িতা প্রবীণ সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী বলেছেন, শহীদ মিনারের মূল নকশা আজও বাস্তবায়ন করা হয়নি। শহীদ মিনারের সঙ্গে একটি জাদুঘর, একটি পাঠাগার ও গবেষণাকেন্দ্র যুক্ত ছিল। বর্তমান শহীদ মিনারটিকে অর্ধসম্পন্ন শহীদ মিনার বলা চলে।
পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে গত রোববার ‘একুশের আলোচনা ও আবৃত্তি সন্ধ্যা’ শীর্ষক এক অনুষ্ঠানে গাফ্ফার চৌধুরী এসব কথা বলেন। যুক্তরাজ্যে বাংলা সংবাদকর্মীদের সংগঠন ‘লন্ডন বাংলা প্রেসক্লাব’ শহীদ দিবস উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে ‘অমর একুশে এবং বাংলা গণমাধ্যম’ নিয়ে আলোচনা করেন প্রথম আলোর পরামর্শক সম্পাদক কামাল আহমেদ। ‘বিলাতের বাংলা পত্রপত্রিকার সংকট ও সম্ভাবনা’ নিয়ে আলোচনা করেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুস সাত্তার এবং ‘বাংলা ভাষার চর্চা ও বিকাশে বিলেতের টিভি চ্যানেলগুলোর ভূমিকা’ নিয়ে আলোচনা করেন চ্যানেল এসের প্রযোজক ফারহান মাসুদ খান।
প্রধান অতিথি আবদুল গাফ্ফার চৌধুরী বাংলা ভাষায় ইংরেজি ও হিন্দি শব্দের আগ্রাসনে দুঃখ প্রকাশ করে বলেন, ‘উর্দুর বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। কিন্তু হিন্দি আমাদের বিনা যুদ্ধে গ্রাস করে নিয়েছে।’
কামাল আহমেদ বলেন, ‘বিভিন্ন অপারেটিং সিস্টেম বা প্রচলিত বিভিন্ন প্রযুক্তি পণ্যের সঙ্গে মানানসই বাংলা ফন্ট এখনো তৈরি করা যায়নি। কোনো কোনো প্রযুক্তিপণ্যে বাংলা পড়া যায় না কিংবা অক্ষরগুলো ভেঙে যায়। আবার ইংরেজি অক্ষর ব্যবহার করেই বাংলা সফটওয়্যারের কোড লিখতে হচ্ছে।’
লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সালাউদ্দিন শাহীন, শহিদুর রহমান সাগর, তৌহিদ শাকিল প্রমুখ।