শহীদ মুক্তিযোদ্ধা অবহেলায়
স্বাধীনতা লাভের ৪৩ বছর পার হলেও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একমাত্র শহীদ মুক্তিযোদ্ধা আহমদ হোসেন স্মরণে কিছুই করা হয়নি। নতুন প্রজন্মের অনেকেই জানে না তাঁর আত্মত্যাগের কথা।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামের কলেজছাত্র আহমদ হোসেন। নভেম্বর মাসের শেষের দিকে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর ঘাঁটি রায়গঞ্জ থানা আক্রমণ করেন। উভয় পক্ষের তুমুল গোলাগুলির মধ্যে শহীদ হন আহমদ হোসেন। একসময় সহযোদ্ধারা তাঁর মরদেহ ফেলে পিছু হটতে বাধ্য হন। পরে হানাদার বাহিনী তাঁর লাশ পাশের ফুলজোড় নদীতে ভাসিয়ে দেয় বলে জানা যায়। দেশ স্বাধীন হলে রায়গঞ্জের মুক্তিযোদ্ধারা ঘোষণা করেন, রায়গঞ্জ থেকে ধানগড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের নামকরণ হবে শহীদ এ যোদ্ধার নামে। এ ছাড়া থানার এ অংশে তাঁর নামে স্মৃতিস্তম্ভ তৈরি করা হবে। কিন্তু ৪৩ বছর পার হয়ে গেলেও এসব কাজ বাস্তবায়ন হয়নি।
ধানগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা ফিরোজ উদ্দিন খান বলেন, ১৯৯০ সালে রায়গঞ্জ বাজারে শহীদ আহমদ হোসেন স্মৃতি পরিষদ গঠন করা হয়। এর একটি কার্যালয় করা গেলেও আর তেমন কিছু করা যায়নি।
জাসদের রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বলেন, শহীদ আহমদ হোসেনের বাবা-মা যত দিন বেঁচে ছিলেন বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে তাঁদের উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হতো। তাঁদেন মৃত্যুর পর এসব আর কেউ মনে রাখেনি।
রায়গঞ্জ উপজেলা সদর মহিলা কলেজের ছাত্রী মনিষা রানী পোদ্দার বলেন, এখানে এত বড় একটি যুদ্ধ হয়েছে, একজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন জানা ছিল না। একই কলেজের আকিয়া পারভীন বলেন, মুক্তিযুদ্ধের অনেক কিছুই কখনো তেমন আলোচনা করা হয় না।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এ কে এম জহুরুল ইসলাম বলেন, শহীদ আহমদ হোসেন স্মরণে সড়কের নামকরণ বিষয়ে বছর তিনেক আগে উপজেলা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে স্মৃতিস্তম্ভের ব্যাপারেও আলোচনা হয়। কিন্তু এখনো সেগুলো বাস্তবায়ন করা যায়নি।