শহীদ মুক্তিযোদ্ধাদের সব কবর একই নকশায় সংরক্ষণ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজামেঞ্চল হক বলেছেন, সারা দেশে শহীদ মুক্তিযোদ্ধাদের সব কবর একই নকশায় গড়ে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে, যাতে যে কেউ বুঝতে পারেন, সেটা একজন মুক্তিযোদ্ধার কবর।
মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস গতকাল ১৯ মার্চের আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টা থেকে শহরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই অনুষ্ঠান হয়। গাজীপুর-১ আসনের সাংসদ ও মন্ত্রী মোজাম্মেল হক বলেন, আগামী বছর থেকে ১৯ মার্চকে জাতীয়ভাবে পালনের চিন্তা করছে সরকার। বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। এ ব্যাপারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কাজ করছে।
জেলা প্রশাসক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংগ্রাম কমিটির কোষাধ্যক্ষ এম নজরুল ইসলাম খান, সাবেক সাংসদ কাজী মোজামেঞ্চল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক, আবদুস সাত্তার মিয়া, কাজী আলিম উদ্দিন, মো. রমিজ উদ্দিন মাস্টার প্রমুখ।
অনুষ্ঠানে ১৯৭১ সালের ১৯ মার্চ সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণকারী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ১১ জনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মন্ত্রী ১৯ মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে শহীদ মনু খলিফা, নেয়ামত ও হুরমত আলীর কবরে ফুল দেন এবং কবর জিয়ারত করেন। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও গাজীপুর জেলা প্রশাসন গতকাল যৌথভাবে শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সংগীতানুষ্ঠান, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিষয়ক লেজার শো কর্মসূচির আয়োজন করে।