শহীদ মুক্তিযোদ্ধার পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা আমীর হোসেনের বাড়ি থেকে তাঁর পরিবারের সদস্যদের উচ্ছেদ করে দিয়ে অন্তত পাঁচ কোটি টাকার ওই বাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে। শহীদের স্ত্রী সোনা ভানু, তাঁর চার ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিদের ওই বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। তারা এখন খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে।শহীদ পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার ভোরে যুবলীগের একদল কর্মীর সহায়তায় হামলা চালিয়ে তাদের ওই বাড়ি দখল করে নেওয়া হয়েছে। এ ঘটনায় শহীদ মুক্তিযোদ্ধার পরিবার সদর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে তারা জেলা মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন।গত শুক্রবার মেহেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্যরা এসব অভিযোগ করেন। এ সময় শহীদ মুক্তিযোদ্ধা আমীর হোসেনের ছেলে রফিকুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে শহরের যুবলীগের একদল কর্মী তাঁদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করে। একপর্যায়ে অস্ত্রের মুখে বাড়ি থেকে তাঁদের যৌথ পরিবারের ২০ সদস্যকে উচ্ছেদ করে।সোনাভানু বলেন, ‘মুক্তিযুদ্ধে স্বামী শহীদ হলো। দেশ আজ স্বাধীন। কিন্তু আমার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি কেড়ে নেওয়া হলো।’ রফিকুল জানান, নিজেদের বাড়ি থেকে উচ্ছেদ করার পর এখন তাঁদের পরিবারের সদস্যরা প্রতিবেশীদের একটি পরিত্যক্ত ভিটিতে কোনোমতে দিন কাটাচ্ছেন। পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দশমিক ৬২ একর জমির ওপর ওই বাড়ি। এর মালিক ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা আমীর হোসেন। ষাটের দশকের গোড়ার দিকে সরকার খণ্ডকালের জন্য ওই বাড়ি অধিগ্রহণ (রিকুইজিশন) করে। পরে সেখানে তিনজন সরকারি কর্মকর্তার থাকার ব্যবস্থা করে সরকার। ওই কর্মকর্তারা হলেন, জুলফিকার আলী, ওসমান গনি ও আবদুল মজিদ হাওলাদার। অভিযোগ রয়েছে, মুক্তিযুদ্ধে আমীর হোসেন শহীদ হওয়ার পর ওই তিন কর্মকর্তা ওই বাড়ি ও সম্পত্তির মালিক দাবি করেন।এরপর সোনাভানু ওই সম্পত্তি উদ্ধারে আদালতের আশ্রয় নেন। দীর্ঘদিন আইনি লড়াই চলে। ২০০৩ সালে উচ্চ আদালত ওই বাড়ি সোনাভানুকে বুঝিয়ে দেওয়ার জন্য স্থানীয় জেলা প্রশাসনকে নির্দেশ দেন। প্রভাবশালী মহলের হস্তক্ষেপের কারণে জেলা প্রশাসন তাতে ব্যর্থ হয়। শেষমেশ ২০০৭ সালের ২৩ ফেব্রুয়ারি সেনা ও পুলিশ সদস্যদের সহায়তায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট গুল্লাল সিংয়ের নেতৃত্বে দখলদারদের উচ্ছেদ করে বাড়িটি সোনাভানুকে বুঝিয়ে দেওয়া হয়।শহীদ পরিবারের অভিযোগ, বাড়ির দখল বুঝে পাওয়ার পর থেকে তারা সেখানে বসবাস করে আসছিল। কিন্তু বাড়িটি থেকে তাদের উচ্ছেদ করতে সময় সময় হুমকি দেওয়া হচ্ছিল। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় পাঁচ দফা সাধারণ ডায়েরি করা হয়।জুলফিকার আলীর ছেলে মামুন, ওসমান গনির ছেলে খোকন ও আবদুল মজিদ হাওলাদারের ছেলে সাহাবুর রহমান প্রথম আলোকে জানান, ওই বাড়ি তাঁদের পৈতৃক সম্পত্তি। এর আগে প্রশাসন জোর করে তাঁদের বাড়ি থেকে উচ্ছেদ করে। বৃহস্পতিবার তাঁরা আবার বাড়িটি নিজেদের দখলে নেন। জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম গতকাল রোববার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাড়ি থেকে শহীদ পরিবারের সদস্যদের উচ্ছেদের ঘটনায় জড়িতদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম গত শনিবার বলেন, ‘আমি এসব কিছুই শুনিনি, এ ব্যাপারে কিছুই জানি না।’ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, বাড়ি দখলের এ ঘটনা তাঁর জানা নেই। এ ঘটনায় থানায় কেউ অভিযোগও করেননি।