শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রীর পাশে সাংসদ
মুক্তিযুদ্ধে শহীদ আবদুর রহমানের স্ত্রী কমলা বানু (৭০) নানা রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় বাড়িতে পড়ে ছিলেন। খবর পেয়ে সংরক্ষিত নারী সাংসদ কেয়া চৌধুরী গতকাল বুধবার তাঁকে হাসপাতালে নিয়ে যান।
আবদুর রহমানের বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাধীন তালুগড়াই গ্রামে। তিনি হবিগঞ্জ মহকুমা খাদ্য কার্যালয়ের নৈশপ্রহরী ছিলেন। মুক্তিযুদ্ধের সময় ২৯ মে পাকিস্তানি সেনাবাহিনী তাঁকে হত্যা করে। শহীদ হওয়ার সময় তিনি স্ত্রী কমলা, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। ছেলে বিয়ে করে বাড়ি থেকে চলে যান। কমলা মেয়ে রীনা বেগমকে নিয়ে বাড়িতে থাকেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর শরীরে নানা রোগ বাসা বাঁধে। ১৫ দিন আগে কমলার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
খবর পেয়ে হবিগঞ্জ ও সিলেট জেলার আওয়ামী লীগদলীয় সংরক্ষিত নারী সাংসদ এবং ‘চেতনা একাত্তরে’র সাধারণ সম্পাদক কেয়া চৌধুরী গতকাল কমলার কাছে ছুটে যান। তাঁর অবস্থা গুরুতর দেখে কেয়া চৌধুরী নিজের গাড়িতে করে তাঁকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে গিয়ে দেখা যায়, কমলাকে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ করা ওয়ার্ডের একটি শয্যায় রাখা হয়েছে। চিকিৎসক ও সেবিকারা তাঁর পরীক্ষা-নিরীক্ষা করছেন।
রীনা বেগম জানান, এই প্রথম তাঁরা সরকারিভাবে চিকিৎসার সুযোগ পেলেন। ওই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ আশরাফ উদ্দিন জানান, কমলার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এ ছাড়া বয়সের কারণে তাঁর শরীরে নানা সমস্যা দেখা দিয়েছে। কেয়া চৌধুরী বলেন, শহীদের পরিবারগুলো সব সময়ই অসহায়। সবাইকে তাদের পাশে দাঁড়ানো উচিত।