শহীদ মুখতারের নাম যুক্ত করে সেই স্মৃতিস্তম্ভ সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের শহীদ মুক্তিযোদ্ধা খন্দকার শহীদ মুখতার ইলাহীর নাম বাদ পড়ায় বিক্ষুব্ধ জনতা স্মৃতিস্তম্ভের একটি অংশ ২০০৫ সালে ভেঙে ফেলে। ১১ বছর পর ওই অংশ সংস্কার করা হয়েছে। যুক্ত করা হয়েছে শহীদ মুখতারের নাম।
এই স্মৃতিস্তম্ভে রংপুরের শহীদদের তালিকা হালনাগাদের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি পালন করে আসছিল। শেষমেশ গত মাসের শেষ সপ্তাহে স্মৃতিস্তম্ভটিতে শহীদ খন্দকার মুখতার ইলাহীর নাম যুক্ত করা হয়।
জানতে চাইলে মুখতার ইলাহীর ছোট ভাই মারুফ ইলাহী প্রথম আলোকে বলেন, ‘এত বছর পর আমার ভাইয়ের নাম যুক্ত হওয়ায় বেশ ভালো লাগছে।’
গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, রংপুর শহরের এতিহ্যবাহী কালেক্টরেট মাঠের পূর্ব দিকে (বর্তমানে সুরভি উদ্যান) ২০০৫ সালের আগস্টে জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের নাম লিখে স্মৃতিস্তম্ভটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এটি নির্মাণ করে গণপূর্ত বিভাগ। এতে ব্যয় হয় সাড়ে ১০ লাখ টাকা। কিন্তু এতে শহীদ মুক্তিযোদ্ধা মুখতার ইলাহীর নাম বাদ পড়ায় অংশবিশেষ ভেঙে ফেলা হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোছাদ্দেক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে এ বছর জেলা প্রশাসনের উদ্যোগে নামের তালিকা ঠিক করে স্মৃতিস্তম্ভটি পুনর্নির্মাণ করা হলো।
রংপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল গাফফার বলেন, সংস্কারকাজের জন্য কোনো অর্থ বরাদ্দ ছিল না। তাই পরবর্তী সময়ে এই খরচের টাকা জেলা মুক্তিযোদ্ধা সংসদকে দেওয়া হবে।