রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদ শামসুজ্জোহা স্মরণে নির্মিত একটি ভাস্কর্য গতকাল শনিবার উন্মোচন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান এটি উন্মোচন করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি গণ-অভ্যুত্থান চলাকালে ছাত্রদের জীবন বাঁচাতে গিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে নিহত হন শামসুজ্জোহা। তাঁর সঞ্চৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন শহীদ শামসুজ্জোহা হল প্রাঙ্গণে ‘স্ফুলিঙ্গ’ নামের একটি ভাস্কর্য নির্মাণ করে। এ উপলক্ষে হল প্রাধ্যক্ষ মর্তুজা খালেদের সভাপতিত্বে সেখানে আলোচনা সভা হয়। উপাচার্য এম আবদুস সোবহান জানান, চারুকলা বিভাগের শিক্ষক এস এম জাহিদ হোসেনের তত্ত্বাবধানে ওই একই বিভাগের শিক্ষক কনক কুমার এ ভাস্কর্যটি নির্মাণ করেন। এটির উচ্চতা ১৫ ফুট, দৈর্ঘ্য ৩৮ ফুট ও প্রস্থ ২৪ ফুট। এটি নির্মাণে প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়েছে।