একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া কুমিল্লা জিলা স্কুলের ১২৯ জন শিক্ষার্থীর অবদানের স্মরণে সৌধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অর্থায়নে ওই স্মৃতিসৌধ হবে। এ জন্য ৫০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
আগামী ডিসেম্বর মাসের মধ্যে ওই কাজ শেষ হবে। গতকাল শনিবার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে ওই তথ্য জানানো হয়। একই সঙ্গে প্রজেক্টরের মাধ্যমে ওই স্মৃতিসৌধের নকশা উন্মোচন করা হয়।
জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের শহীদ আবু জাহিদ মিলনায়তনে কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়। বিদ্যালয়ের ৫৯ ব্যাচের শিক্ষার্থী হাবিব উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন। বক্তব্য দেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ, কুমিল্লা ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুস সামাদ, পরে র্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।