শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১০ ডিসেম্বর শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ৪২তম মৃত্যুবার্ষিকী। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করবে শহীদ সিরাজুদ্দীন হোসেন স্মৃতি পরিষদ। ১৯৭১ সালের ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যার নীলনকশার প্রথম শিকার হন সিরাজুদ্দীন হোসেন। স্বাধীনতার প্রাক্কালে এই দিনে ঘৃণ্য পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর আলবদর ও রাজাকার বাহিনীর বর্বররা তাঁর চামেলীবাগের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।
শহীদ সিরাজুদ্দীন হোসেন ছিলেন দৈনিক ইত্তেফাক-এর কার্যনির্বাহী ও বার্তা সম্পাদক। ব্রিটিশ আমলের শেষ ভাগ থেকে শুরু করে তাঁর সাংবাদিকতা জীবন স্বাধীনতাযুদ্ধ পর্যন্ত ব্যাপ্ত। এই পুরো সময়কালে দেশের সব আন্দোলনের সঙ্গে ছিল তাঁর সরাসরি যোগাযোগ।
১৯৭১ সালে অবরুদ্ধ দেশে তিনি সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করেছেন। সে সময় তাঁর লেখা ‘ঠগ বাছিতে গাঁ উজাড়’, ‘অধুনা রাজনীতির কয়েকটি অধ্যায়’ ধরনের উপসম্পাদকীয় এবং ‘এতদিনে’ শিরোনামে সম্পাদকীয় মুক্তিযুদ্ধের সপক্ষে তাঁর অবস্থানের সাক্ষ্য দেয়।
সিরাজুদ্দীন হোসেনের অসাধারণ হেডিং বাঙালির রক্তে আগুন ধরিয়ে দিত। ‘চিনিল কেমনে’, ‘সুকুইজ্জা কডে’, ‘জয় বাংলার জয়’, ‘অবশেষে বাংলার ভাগ্যাকাশ হইতে বাস্তিলের কারাগার ধসিয়া পড়িয়াছে, জনতার জয় হইয়াছে’, ‘বিক্ষুব্ধ নগরীর ভয়াল গর্জন’ এবং দুই পাকিস্তানের ভারসাম্যহীনতাকে সংখ্যা দিয়ে প্রকাশ করে শিরোনাম করেছেন।