শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের মৃত্যুবার্ষিকী আজ
শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ ১০ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর আলবদর ও রাজাকার বাহিনীর সদস্যরা তাঁকে চামেলীবাগের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর তাঁকে খুঁজে পাওয়া যায়নি।মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর ৩/১১ আসাদ এভিনিউ, মোহাম্মদপুরের বাড়িতে বাদ মাগরিব মিলাদ মাহফিল ও পারিবারিকভাবে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়াও মরহুমের গ্রামের বাড়ি মাগুরার শালিখা থানার শরুশুনা গ্রামে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।১৯৭১ সালের ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যার নীলনকশার প্রথম শিকার হন সিরাজুদ্দীন হোসেন। তিনি দৈনিক ইত্তেফাক-এর কার্যনির্বাহী ও বার্তা সম্পাদক ছিলেন। ব্রিটিশ আমলের শেষ ভাগ থেকে তিনি সাংবাদিকতা শুরু করেন।সিরাজুদ্দীন হোসেন ১৯৭১ সালে অবরুদ্ধ দেশে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে গেছেন। সে সময় তাঁর লেখা ‘ঠগ বাছিতে গাঁ উজাড়’, ‘অধুনা রাজনীতির কয়েকটি অধ্যায়’ ধরনের উপসম্পাদকীয় এবং ‘এত দিনে’ শিরোনামে সম্পাদকীয় মুক্তিযুদ্ধের সপক্ষে তাঁর দৃঢ় অবস্থানের সাক্ষ্য দেয়। তিনি প্রবাসী সরকারের কাছে তৎকালীন পূর্ব পাকিস্তানের আমেরিকান কনসুলেটের গোপন প্রতিবেদনটি পাঠিয়েছিলেন, যা পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বারবার প্রচারিত হওয়ার পর বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গড়ে উঠতে সাহায্য করে। বিজ্ঞপ্তি।