জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত তৃতীয় শ্রেণীর ‘আমার বাংলা বই’-এ বায়ান্নর ভাষা আন্দোলনে অমর শহীদ আবদুস সালামের নিজ জেলার নাম ভুল দেওয়া হয়েছে। তাঁর নিজ জেলা ফেনী হলেও নতুন এই বইয়ে নোয়াখালী হিসেবে ছাপা হয়েছে।১ জানুয়ারি শিক্ষাবর্ষ শুরুর দিন সারা দেশে একযোগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়।এতে দেখা যায়, তৃতীয় শ্রেণীর ‘আমার বাংলা বই’-এর ১৮ পৃষ্ঠায় ‘ভাষা শহীদদের কথা’ শিরোনামের প্রবন্ধে রাষ্ট্রভাষা বাংলার জন্য যাঁরা জীবন দিয়েছেন, সেই সব শহীদের ছবিসহ নাম ও পরিচয় তুলে ধরা হয়েছে। প্রবন্ধের শেষের অংশে ২০ পৃষ্ঠায় ভাষাশহীদ সালামের ছবিসহ পরিচিতি তুলে ধরা হয়। সেখানে লেখা হয়েছে ‘আরেক ভাষাশহীদের নাম আবদুস সালাম। নোয়াখালী জেলায় তাঁর বাড়ি। তিনি ঢাকায় চাকরি করতেন। কিন্তু ওই দিন তাঁর চাকরিতে যাওয়া হলো না...।’স্থানীয় লোকজন জানান, শহীদ সালামের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার মাতৃভূঞা ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামে। পরবর্তী সময়ে গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সালামনগর’। নিজ গ্রামে ভাষাশহীদ সালামের নামে গড়ে উঠেছে ভাষাশহীদ সালাম কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়। সরকারিভাবে স্থাপন করা হয়েছে ভাষাশহীদ সালাম গ্রন্থাগার ও জাদুঘর।ভাষাশহীদ সালাম ফোরাম ও ভাষাশহীদ সালাম স্মৃতি পরিষদ দ্রুত তথ্যটি সংশোধন এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে সঠিক তথ্য পাঠানোর অনুরোধ জানিয়েছে।ফেনী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ বলেন, ভুল তথ্যটি দ্রুত সংশোধন করা উচিত।উল্লেখ্য, ১৯৮৪ সালে নোয়াখালী জেলা থেকে আলাদা হয়ে ‘ফেনী’ স্বতন্ত্র জেলা হিসেবে উন্নীত হয়।