শহীদ সিরাজুদ্দীনের মৃত্যুবার্ষিকী আজ
শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ ১০ ডিসেম্বর শনিবার। এ উপলক্ষে তাঁর ৩/১১ আসাদ এভিনিউ, মোহাম্মদপুরের বাড়িতে বাদ মাগরিব মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া তাঁর গ্রামের বাড়ি মাগুরার শালিখা থানার শরুশুনা গ্রামে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের দোসর আলবদর, আলশামস ও রাজাকার বাহিনীর সদস্যরা তাঁকে চামেলীবাগের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এর পর আর তাঁকে খুঁজে পাওয়া যায়নি। সিরাজুদ্দীন ছিলেন দৈনিক ইত্তেফাক-এর কার্যনির্বাহী ও বার্তা সম্পাদক। ১৯৭১ সালেও তিনি সাহসের সঙ্গে সাংবাদিকতা করে গেছেন। সে সময় তাঁর ‘ঠগ বাছিতে গাঁ উজাড়’, ‘অধূনা রাজনীতির কয়েকটি অধ্যায়’ এবং ‘এতদিনে’ শিরোনামে প্রকাশিত সম্পাদকীয় ও উপসম্পাদকীয় মুক্তিযুদ্ধের সপক্ষে তাঁর দৃঢ় অবস্থানের সাক্ষ্য দেয়। ১৯৫২ সালে দৈনিক আজাদ-এর বার্তা সম্পাদক থাকাকালে ভাষা আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখেন। বিজ্ঞপ্তি।