শহীদ সুকান্ত আবদুল্লাহর ম্যুরাল উদ্বোধন

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে শহীদ হওয়া সুকান্ত আবদুল্লাহর স্মরণে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ‘শহীদ সুকান্ত ভবন’ ও ‘শহীদ সুকান্ত ম্যুরাল’ উদ্বোধন করা হয়েছে। সুকান্ত সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি হন।
গত সোমবার সুকান্তর বাবা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ ওই ভবন ও ম্যুরালের উদ্বোধন করেন। এ উপলক্ষে বিদ্যালয়টিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন মোল্লা।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাগনে আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, ‘দেশি-বিদেশি স্বাধীনতাবিরোধী, ক্ষমতালোভী ও ষড়যন্ত্রকারী সামরিক বাহিনীর সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। ওই দিন হত্যাকারীদের হাত থেকে রেহাই পাননি আমার বাবা শহীদ মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাত ও আমার জ্যেষ্ঠ পুত্র সুকান্ত। কী অপরাধ ছিল আমার চার বছরের শিশুপুত্র সুকান্তর?’
এ বছর জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর শৈশবের স্কুল গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে তিনতলা ভবন নির্মাণ করা হয়। এর নামকরণ করা হয় শহীদ সুকান্ত ভবন। ভবনের সামনে ১১ ফুট উচ্চতা ও ৫ ফুট চওড়া শহীদ সুকান্তর ম্যুরাল স্থাপন করা হয়।