শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজের জমি নিয়ে ষড়যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে প্রস্তাবিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের জমি নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। কিশোরগঞ্জবাসীর ব্যানারে অনুষ্ঠিত সমাবেশ শেষে যশোদল চিনিকলের পরিত্যক্ত জমিতে প্রতিবাদ সভা শেষে মেডিকেল কলেজের সাইনবোর্ড টানিয়ে দেয় কয়েক হাজার এলাকাবাসী। টানা আন্দোলনের কর্মসূচি হিসেবে মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্ধারিত স্থানে এ কর্মসূচি পালিত হয়। যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী বাবুল মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছোট ভাই জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক সৈয়দ আশফাকুল ইসলাম প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এ জেলার কৃতী সন্তান অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের নামে কিশোরগঞ্জে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম যশোদল এলাকায় পরিত্যক্ত সুগার মিলের জমিতে এ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। কিন্তু ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানটি সরকারি। ওই সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে নানা ষড়যন্ত্র হচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন। জানা গেছে, সৈয়দ নজরুল ইসলামের নামে কিশোরগঞ্জে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে একনেকে অর্থ বরাদ্দের পর চলতি শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সৈয়দ নজরুল ইসলামের নিজের ইউনিয়ন কিশোরগঞ্জ শহরের উপকণ্ঠে বিলুপ্ত ন্যাশনাল সুগার মিলের পরিত্যক্ত প্রায় ৩৫ একর জমিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নামমাত্র টাকায় এ জমি কেনার জন্য হাইকোর্টে রিট পিটিশন করে। এতে মেডিকেল কলেজের স্থান নিয়ে জটিলতার সৃষ্টি হয়। ফলে ক্ষুব্ধ হয় কিশোরগঞ্জবাসী।