শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল চত্বরের 'হাট' উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর মাঠে বসা শীতবস্ত্র ও কাপড়ের ‘হাট’ (ডানে) গতকাল উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পর দুপুরে তোলা ছবি (বাঁয়ে) l প্রথম আলো
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর মাঠে বসা শীতবস্ত্র ও কাপড়ের ‘হাট’ (ডানে) গতকাল উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পর দুপুরে তোলা ছবি (বাঁয়ে) l প্রথম আলো

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের ‘হাট’ উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার হাসপাতাল চত্বর থেকে শীতবস্ত্রসহ বিভিন্ন পণ্যের দোকান উচ্ছেদ করে হাসপাতাল কর্তৃপক্ষ।
সকাল থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ বি এম মাকসুদুল আলমের তত্ত্বাবধানে এই উচ্ছেদ চলে। হাসপাতালের সামনের ফুটপাত থেকেও অবৈধ দোকান ও হকারদের উচ্ছেদ করা হয়।
গতকাল প্রথম আলোতে ‘সোহরাওয়ার্দী হাসপাতালে হাট!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত হাসপাতাল চত্বরে অর্ধশতাধিক দোকান বসে। চাদর বিছিয়ে, রিকশাভ্যানে ও ঝাঁকায় করে বিক্রি করা হয় শীতবস্ত্র, কাপড়, স্যান্ডেল, ডাব, নারকেল, ঝালমুড়ি, আখের রসসহ নানা পণ্য। সেলুন, ফটোকপির দোকানও আছে। হাসপাতালের কেউ কেউ টাকার বিনিময়ে এসব দোকান বসতে দিয়েছেন।
অধ্যাপক এ বি এম মাকসুদুল আলম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। তিনি বলেন, ‘দীর্ঘদিনের চর্চার কারণে হাসপাতাল চত্বরে এ ধরনের বেচাকেনা চলছিল। এখন থেকে এখানে কোনো দোকান বসতে দেওয়া হবে না।’
তবে হাসপাতালের উত্তর-পশ্চিম দিকে ‘কাজী ফার্মেসী’ নামের যে ওষুধের দোকানটি আছে, তা উচ্ছেদ করা যায়নি মন্তব্য করে অধ্যাপক মাকসুদুল আলম বলেন, ‘কাজী ফার্মেসী দাবি করছে যে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে দোকানটি বসিয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
গতকাল বেলা একটার দিকে দেখা যায়, হাসপাতাল চত্বরে কোনো দোকান নেই। সেখানে কোনো শীতবস্ত্র, ডাব-ঝালমুড়ি, প্লাস্টিক পণ্য কিংবা ফল বিক্রেতাকে চোখে পড়েনি। হাসপাতালের ক্যানটিন লাগোয়া একটি কক্ষে ফটোকপির দোকান এবং অধ্যক্ষের কার্যালয়ের কাছের সেলুনটিও বন্ধ। হাসপাতালের বাইরে ফুটপাতেও কোনো হকার নেই।
হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া বিদেশে থাকায় এ বিষয়ে তাঁর মন্তব্য নেওয়া যায়নি।