শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ ৫ ডিসেম্বর রোববার। বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ উপলক্ষে গতকাল শনিবার আলাদা বাণীতে উপমহাদেশের প্রখ্যাত এই রাজনীতিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁর বাণীতে বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক উজ্জ্বলতর নাম। তিনি আজীবন অগণতান্ত্রিক ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণ সাধনই ছিল তাঁর লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক রাজনীতির বিকাশে অসামান্য ভূমিকা রেখেছেন। উপমহাদেশের মুসলমান সমাজের আর্থসামাজিক উন্নয়ন ও রাজনৈতিক স্বার্থ রক্ষার সংগ্রামে তিনি ছিলেন উচ্চকণ্ঠ। এ উপলক্ষে আজ আলোচনা সভার আয়োজন করেছে কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন। প্রয়াত এই নেতার কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠন।