শহীদ স্মৃতি বিদ্যাপীঠ এমপিওভুক্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত লেখক হুদমায়ূন আহমেদের প্রতিষ্ঠা করা ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল ৫৬ জন। পাস করে সবাই। জিপিএ-৫ পায় ১২ জন। কিন্তু প্রতিষ্ঠার পর প্রায় দুই দশক পেরিয়ে গেলেও বিদ্যালয়টি আজও এমপিওভুক্ত হয়নি। এতে শিক্ষার মান ধরে রাখা এবং সুষ্ঠুভাবে পরিচালনা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বিদ্যালয়টির কর্তৃপক্ষ।
জনপ্রিয় লেখক হুদমায়ূন আহমেদের ৬৭তম জন্মদিন আজ ১৩ নভেম্বর। দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক, লেখকের পরিবারের সদস্য ও এলাকাবাসী শহীদ স্মৃতি বিদ্যাপীঠকে দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন। লেখকের পৈতৃক বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে অবস্থিত বিদ্যালয়টি।
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যাপীঠে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনার সুযোগ রয়েছে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৩৪০ জন। শিক্ষক-কর্মচারী রয়েছেন ১৭ জন। হু্মায়ূন আহমেদের জীবদ্দশায় বিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়ায় তিনি নিজেই এর সম্পূর্ণ খরচ চালাতেন। তাঁর মৃত্যুর পর সরকারের উচ্চ পর্যায় থেকে বিদ্যালয়টি এমপিওভুক্ত করার আশ্বাস দেওয়া হয়েছিল।
প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, ‘এবারের এসএসসি পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ তৃতীয় স্থান দখল করেছে। কিন্তু এমপিওভুক্ত না হওয়ায় কয়েকজন শিক্ষক স্কুল ছেড়ে যাওয়ার উদ্যোগ নিয়েছেন।’
মুঠোফোনে যোগাযোগ করা হলে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের পরিচালনা পর্ষদের সভাপতি ও লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠকে এমপিওভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা অব্যাহত রয়েছে। আশ্বাস মিললেও এখনো এর কোনো সুরাহা হচ্ছে না।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল আলম বলেন, ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠের পড়াশোনার মান ভালো। এই মান ধরে রাখার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানটির এমপিওভুক্তি জরুরি হয়ে পড়েছে।’
স্থানীয় সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার প্রথম আলোকে বলেন, ‘এ নিয়ে একাধিকবার সরকারের উচ্চ পর্যায়ে কথা হয়েছে। এমপিওভুক্তির ক্ষেত্রে এ স্কুলটি অগ্রাধিকার পাবে।’