শহীদজননী জাহানারা ইমামের ২২তম মৃত্যুবার্ষিকী আজ

শহীদজননী জাহানারা ইমামের ২২তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ জুন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনের সূচনাকারী এই মহীয়সী নারী দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে ১৯৯৪ সালের এ দিনে মারা যান। তাঁর ছেলে শাফি ইমাম রুমী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ হন। রুমী রাজধানী ঢাকাকে পাকিস্তানি হানাদারমুক্ত করতে একাধিক বীরত্বপূর্ণ অভিযানে অংশ নেন। পরে রাজাকার-আলবদরদের সহায়তায় হানাদার বাহিনী তাঁকেসহ আরও অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করে।
লেখক ও সমাজকর্মী জাহানারা ইমামের উদ্যোগেই ২৩ বছর আগে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলন গড়ে ওঠে। ১৯৯২ সালের ১৯ জানুয়ারি তিনি মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন, ছাত্রসংগঠন ও জনতার সমন্বয়ে গঠন করেন ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি’। জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঘাতক দালাল নির্মূল কমিটি আজ বিকেল চারটায় ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে জাহানারা ইমাম স্মারক বক্তৃতা, জাহানারা ইমাম স্মৃতি সম্মাননা পদক প্রদান ও আলোচনা সভার আয়োজন করেছে। সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আয়োজনে যুদ্ধাপরাধ-সংশ্লিষ্ট সব সংগঠন নিষিদ্ধের দাবিতে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নারী সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। নতুন ধারা বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় আলোচনা সভার আয়োজন করেছে সকাল ১০টায়।