রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন শহীদজননী জাহানারা ইমাম, অবশেষে তা পূরণ হতে চলেছে। এ জন্য শহীদজননীর আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে। রাজাকার-আলবদরদের শাস্তি না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
জাহানারা ইমামের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। আবৃত্তি সংগঠন প্রমা এই স্মরণ সভার আয়োজন করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন, শহীদজায়া মুশতারি শফি, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মাহফুজুর রহমান ও গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রমার সভাপতি রাশেদ হাসান।
বক্তারা বলেন, জাহানারা ইমাম দুটো স্বপ্নের কথা বলতেন—যুদ্ধাপরাধীদের বিচার এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ। তাঁর প্রথম স্বপ্নটি বাস্তবায়িত হচ্ছে, দ্বিতীয় স্বপ্নটি সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে হলে তরুণ প্রজন্মকে সংগ্রাম করতে হবে। তাঁরা বলেন, তরুণেরা যদি সোচ্চার হন, তাহলে দেশ থেকে ঘাতক-দালাল নির্মূল হবে। রাজাকারের গাড়িতে আর পতাকা উড়বে না। দেশ সম্ভাবনার পথে এগিয়ে যাবে।
অনুষ্ঠানের শুরুতে প্রমার শিল্পীরা ‘চিরকালের প্রমিথিউস’—এই বৃন্দকবিতা আবৃত্তি করেন। এরপর একক আবৃত্তি শোনান প্রমার সদস্য কংকন দাশ ও মঞ্জুর মুন্না।