শহীদজায়া নূরজাহান সিরাজী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ বুদ্ধিজীবী সিরাজুদ্দীন হোসেনের স্ত্রী নূরজাহান সিরাজী (৭৪) আর নেই। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর আগ পর্যন্ত শহীদজায়া নূরজাহান সিরাজী যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার ছিলেন। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। নূরজাহান সিরাজীর ছেলে দৈনিক ইত্তেফাক-এর নির্বাহী সম্পাদক শাহিন রেজা নূর প্রথম আলোকে জানান, কিডনি, ফুসফুস ও হূদেরাগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। একপর্যায়ে হাসাপাতালে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিয়ে তাঁকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়।গতকাল বেলা সাড়ে ১১টায় শহীদজায়ার মরদেহ রাজধানীর আসাদ অ্যাভিনিউয়ের বাসভবনে নেওয়া হয়। এ সময় প্রবীণ শিক্ষাবিদ আনিসুজ্জামান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট নাগরিকেরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শেখর শ্রদ্ধা জানাতে যান।বাসাসংলগ্ন বায়তুস সালাম মসজিদে বাদ জুমা মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরদেহ দাফন করা হয়। আগামী সোমবার বাদ মাগরিব মরহুমের মোহাম্মদপুরের ৩/১১ আসাদ এভিনিউয়ের বাসায় কুলখানি অনুষ্ঠিত হবে।১৯৩৮ সালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নূরজাহান সিরাজীর জন্ম। ১৯৪৮ সালের ১১ এপ্রিল সিরাজুদ্দীন হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। মুক্তিযুদ্ধকালীন দৈনিক ইত্তেফাক-এর নির্বাহী সম্পাদক সিরাজুদ্দীন ছিলেন পাকিস্তানের শোষণ ও অনাচারের বিরুদ্ধে সাহসী সাংবাদিক। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর রাত সাড়ে তিনটার দিকে আলবদর বাহিনীর সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়। এরপর তাঁর মরদেহও পাওয়া যায়নি। মরহুমার আট ছেলে হলেন: শামীম রেজা নূর, শাহীন রেজা নূর, ফাহিম রেজা নূর, নাসিম রেজা নূর, সেলিম রেজা নূর, শাহীদ রেজা নূর, জাহীদ রেজা নূর ও তৌহিদ রেজা নূর। জাহীদ রেজা নূর প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক। অন্যরাও নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। নূরজাহান সিরাজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক ইত্তেফাক-এর সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন, প্রজন্ম ’৭১, আমরা মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।