শহীদজায়া বেগম মুশতারী শফী গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদজায়া বেগম মুশতারী শফী
ছবি- সংগৃহীত

শহীদজায়া ও সাহিত্যিক বেগম মুশতারী শফী রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। কিডনি, রক্তে সংক্রমণসহ নানা জটিলতার জন্য ২ ডিসেম্বর তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তির পর অবস্থার কিছুটা উন্নতি হলে রাজধানীতে মেয়ের বাসায় নিয়ে যাওয়া হয় মুশতারী শফীকে। ১৪ ডিসেম্বর শারীরিক অবস্থার আবার অবনতি হলে সিএমএইচ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে স্থানান্তর করেন। ১৯ ডিসেম্বর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে পরিবারকে জানিয়েছেন চিকিৎসকেরা।

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত বেগম মুশতারী নারীনেত্রী ও শব্দসৈনিক। মুক্তিযুদ্ধ চলাকালে ৭ এপ্রিল তাঁর স্বামী চিকিৎসক মোহাম্মদ শফী ও ছোট ভাই এহসানুল হক আনসারীকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিক হিসেবে কাজ করেছেন বেগম মুশতারী। মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার জন্য ২০১৬ সালে শহীদজায়া মুশতারী শফীকে ফেলোশিপ দেয় বাংলা একাডেমি। ২০২০ সালে পেয়েছেন বেগম রোকেয়া পদক।

চট্টগ্রামে নারী অধিকার আদায় ও সুরক্ষার জন্য দীর্ঘদিন কাজ করেছেন মুশতারী শফী। বাংলাদেশ ঘাতক দালাল নির্মূল আন্দোলনের একজন অন্যতম সংগঠক তিনি।

শহীদজায়া বেগম মুশতারী শফী
ছবি- সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রামের নারী’, ‘চিঠি’, ‘জাহানারা ইমামকে’ এবং ‘স্বাধীনতা আমার রক্তঝরা দিন’ মুশতারী শফীর উল্লেখযোগ্য রচনা।

১৯৬৩ সালে চট্টগ্রাম থেকে বান্ধবী নামে মাসিক সাময়িকী প্রকাশ করেছিলেন মুশতারী শফী। বাংলাদেশে নারীদের জন্য প্রকাশিত দ্বিতীয় সাময়িকী বলা হয় বান্ধবীকে। বান্ধবী সংঘ প্রচারের সময় মেয়েদের প্রেস নামে একটি ব্যতিক্রমী মুদ্রণ সংস্থাও গড়ে তুলেছিলেন লড়াকু এই নারী।

মুশতারী শফীর জন্ম ১৯৩৮ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার ফরিদপুরে। পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।