শহীদদের কবরের পাশে শৌচাগার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার শহরের বেরি লেকের কাছে সাত শহীদের গণকবরের পাশে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে একটি গণশৌচাগার নির্মাণ করা হচ্ছে। গণকবরের পাশে শৌচাগার নির্মাণের উদ্যোগে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিন আগে হঠাৎ করে শহরের বেরি লেকের দক্ষিণ পাড়ের পূর্বদিকে মুক্তিযুদ্ধের সাত শহীদের গণকবরের পাশে একটি গণশৌচাগার নির্মাণ শুরু করে পৌর কর্তৃপক্ষ। এ নিয়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হলে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে গণশৌচাগারের নির্মাণকাজ বন্ধ করে দেয়। তবে স্থানীয় লোকজন জানান, গত বৃহস্পতিবারও গণশৌচাগারের নির্মাণকাজ হয়েছে। গণকবর সংরক্ষণ কমিটির যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর জালাল আহমদ গত শুক্রবার বলেন, ‘গত মঙ্গলবারই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর কাজ হয়েছে কি না, জানি না।’ সাবেক সাংসদ আজিজুর রহমান বলেন, ‘এটি চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ।’১৯৭১ সালের ২৭ মার্চ পাক হানাদারেরা সৈয়ারপুর এলাকার একটি ইটখোলায় ঢুকে নির্বিচারে গুলি করলে ঘটনাস্থলেই সাতজন শহীদ হন। পরে মৌলভীবাজার শহরের বেরি লেকের দক্ষিণ পাড়ে এনে গণকবর দেওয়া হয়।