শহীদদের চিঠি নিয়ে উড়ে গেল বেলুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে সারা দেশে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বিকেল চারটা ১৩ মিনিটে শহীদদের উদ্দেশে লেখা চিঠি বেলুনের মাধ্যমে ওড়ানো হয়।ঢাকার বাইরে থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: খুলনা: খুলনার শহীদ হাদিস পার্কে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের শহীদদের পরিবার, প্রজন্ম-’৭১ ও নগরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহীদদের উদ্দেশে লেখা চিঠি বেলুনে ওড়ানো হয়। এ ছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁদের লেখা চিঠি শহীদদের উদ্দেশে বেলুনে উড়িয়ে দেন।বগুড়া: বাংলার মাটিতে রাজাকারদের ফাঁসি না দিয়ে আমরা ঘরে ফিরব না—শহীদের উদ্দেশে এমন চিঠি লিখেছে চার বছরের সোনামণি। তার মতো শত শত শিশু-কিশোর, স্কুল-কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ চিঠি লিখে বেলুনে উড়িয়েছেন। শহরের সাতমাথায় গণজাগরণ মঞ্চের সামনে থেকে এ কর্মসূচি পালন করা হয়।বরিশাল: একাত্তরের মঞ্চ থেকে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে শহীদদের উদ্দেশে লেখা চিঠি ওড়ানো হয়েছে। বিকেলে নগরের অশ্বিনীকুমার হলের সামনে একাত্তরের মঞ্চের চারদিকে জড়ো হন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের কর্মীদের সঙ্গে শিশু-কিশোর ও বৃদ্ধরাও। পরে ওই কর্মসূচি পালন করা হয়। দিনাজপুুর: দুপুরের পর থেকে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হাজার হাজার শিক্ষার্থী শহরের মডার্ন মোড়ে জড়ো হতে শুরু করেন। পরে বিকেলে শিক্ষার্থীরা চিঠি বেলুনের মাধ্যমে উড়িয়ে দেন। এতে বিভিন্ন বয়সী হাজারো নারী-পুরুষ অংশ নেন।রংপুর: বিকেলে জাগরণী মঞ্চে বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ ওই কর্মসূচি পালন করেন। বেলুন ওড়ানোর আগে পাবলিক লাইব্রেরি মাঠে মিছিল নিয়ে সমবেত হন মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, কমিউনিটি মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। কুমিল্লা: ‘জানি, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না, তবু দেশকে কলঙ্কমুক্ত করতে তরুণ প্রজন্ম জেগে উঠেছে। শহীদদের আত্মত্যাগ ও গৌরবগাথা সাফল্য একাত্তরের কথাই মনে করিয়ে দেয়। তাই একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে আমরা তৎপর রয়েছি। আপনাদের জানাই সশ্রদ্ধ সালাম।’—শহীদদের উদ্দেশে লেখা এমন চিঠি কুমিল্লার পূবালী চত্বর থেকে বেলুনে উড়িয়েছে তরুণ প্রজন্ম। এতে তরুণ প্রজন্মের সঙ্গে অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।যশোর: শহরের টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে শহীদদের স্মরণে ওই কর্মসূচি পালন করা হয়েছে। বিকেলে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এ কর্মসূচি পালন করা হয়। শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। নারী-পুরুষ-শিশুসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শহীদদের উদ্দেশে চিঠি লিখে আনেন।