শহীদদের প্রতি তাঁদের শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুর ১২টা। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ঘাটারচর গ্রামের শহীদনগর কবরস্থান। ওই কবরস্থানে একাত্তরের শহীদদের কবরের সামনে জড়ো হয়েছেন বেশ কয়েকজন ব্যক্তি। তাঁরা শ্রদ্ধা জানালেন শহীদদের প্রতি।
আপিল বিভাগ গতকাল মঙ্গলবার সকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার পর এলাকার মুক্তিযোদ্ধা ও শহীদদের স্বজনেরা গিয়েছিলেন কবরস্থানে। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন গ্রামের আরও কিছু মানুষ। একাত্তরের ২৫ নভেম্বর ঘাটারচরের সেই গণহত্যার নৃশংসতা এখনো ভুলতে পারেননি প্রবীণেরা। তাই রায় শুনে তাঁদের অনেকেই খুশি। বেলা সাড়ে ১১টার দিকে ঘাটারচরে গিয়ে দেখা যায়, বাজারের হোটেল, চায়ের দোকান ও মুদি দোকানগুলোতে লোকজন রায় নিয়ে আলোচনা করছেন।
এরপর শহীদনগর কবরস্থানে গিয়ে দেখা যায়, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন লোকজন। সেখানে মোহাম্মদ আলী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল ১৪ বছর। একাত্তরের ২৫ নভেম্বর রাতে স্থানীয় রাজাকার জয়নাল আবেদিন মেম্বার পাকিস্তানি বাহিনীকে আমাদের বাড়িতে নিয়ে আসে। তারা আমার মামা আবদুর রব ও আবদুর রহমানকে বাড়ির উঠানে টেনে নিয়ে গুলি করে হত্যা করে।’
মুক্তিযোদ্ধা এম এ মতিন সওদাগর জানান, একাত্তরের ২৫ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত রাজাকারদের নেতৃত্বে পাকিস্তানি সেনারা ঘাটারচর ও আটি ভাওয়াল মনোহরিয়া গ্রামে মানুষ হত্যা করে ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। শুধু ঘাটারচর শহীদনগর কবরস্থানে ৫২ জনকে দাফন করা হয়।
রায়ে খুশি বলে জানান আটি দাড়িপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা ইউসুফ আলী চৌধুরী। তাঁর মতো আরও অনেকে খুশি হওয়ার কথা জানান।
রায়ে সন্তোষ প্রকাশ করে ঘাটারচর গণহত্যা মামলার বাদী মোজাফ্ফর আহমেদ বলেন, ‘রায় কার্যকর হলেই আমার ও দেশবাসীর প্রত্যাশা পূরণ হবে।’