শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযোগ্য মর্যাদায় বিনম্র শ্রদ্ধা ও বর্ণিল আয়োজনে যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর ও রাজবাড়ীতে গতকাল শুক্রবার মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। দিবসটিতে দেশবাসী ‘মুক্তিযুদ্ধের চেতনায় জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয়’ ব্যক্ত করা হয়। ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, শহীদ বেদি, বধ্যভূমি ও গণকবরে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

যশোর: শহরের খুলনা বাসস্ট্যান্ড এলাকায় বিজয়স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন যশোরবাসী। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সাংস্কৃতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে বিজয়স্তম্ভে।

এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে শপথ পাঠ করা হয়। এরপর যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চলচিত্র প্রদর্শনীসহ দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা: সকালে আটটায় স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিবেশিত হয়। এতে জেলা পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

 বেলা ১১টায় পৌরসভার সামনে থেকে জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। এ ছাড়া পুরুষ ও নারীদের জন্য বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। সরকারি শিশুসদন, সদর হাসপাতাল ও জেলা কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

কুষ্টিয়া: জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচি ছাড়াও আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহরে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের মানুষ শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায়। এরপর রাতেই শহরের মজমপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়। সকাল আটটায় জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর অংশগ্রহণে ডিসপ্লে প্রদর্শিত হয়। বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে বিজয় র‍্যালি বের করা হয়। বিকেলে কুষ্টিয়া স্টেডিয়ামে খেলাধুলায় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

মেহেরপুর: সকাল সাড়ে ছয়টায় কলেজ মোড়ে ও পরে জেলা পরিষদের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে পুলিশসহ স্থানীয় রাজনৈতিক দল, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদবেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ ছাড়া স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়।

রাজবাড়ী: সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন, জেলা পুলিশ, আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, রাজবাড়ী পৌরসভা, ছাত্র ইউনিয়ন, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এ সময় সব যুদ্ধাপরাধীর বিচার শেষ করে রাজাকারমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এরপর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলীর মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়। দুপুরে জেলা প্রশাসকের বাসভবনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

এ ছাড়া বিকেলে শহীদ খুশি রেলওয়ে মাঠে বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

এ ছাড়া খুলনা, বাগেহাট, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ফরিদপুর, শরীয়তপুর, পিরোজপুর ও গোপালগঞ্জসহ দক্ষিণ অঞ্চলের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।