শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শোভাযাত্রা, কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
মুন্সিগঞ্জ: বিজয় দিবসের প্রথম প্রহর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও জাতীয় সংগীত বাজানো হয়। এতে জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার জায়েদুল আলমসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল আটটায় স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দুপুর ১২টার দিকে জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
মানিকগঞ্জ: গতকাল সূর্যোদয়ের পরই মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে শহীদ স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস ও পুলিশ সুপার মাহফুজুর রহমান। এরপর বিভিন্ন সংগঠন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক দেয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল নয়টার দিকে জেলা শহরের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। বেলা ১১টার দিকে জেলা শহরের বিজয় মেলা মাঠে জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও নিহত মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়।
গাজীপুর: বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা শহরের রাজবাড়ি মাঠে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক এস এম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী মোজাম্মেল হকসহ অন্যরা। সকালে শহীদ বরকত স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও শহরের বঙ্গতাজ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। দুপুরে গাজীপুর মহানগর ছাত্রলীগ ও ঢাকা আই কেয়ার হাসপাতালের উদ্যোগে বোর্ডবাজার এলাকায় বিনা মূল্যে চক্ষুসেবা কর্মসূচি করা হয়।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ): ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সকালে সোনারগাঁ পৌরসভার শহীদ মজনু পার্কে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় উপজেলা প্রশাসন।