শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল ফরিদপুর স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানে শারীরিক কসরত প্রদর্শন করে শিক্ষার্থীরা l প্রথম আলো
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল ফরিদপুর স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানে শারীরিক কসরত প্রদর্শন করে শিক্ষার্থীরা l প্রথম আলো

যথাযোগ্য মর্যাদায় বিনম্র শ্রদ্ধা ও বর্ণিল আয়োজনে খুলনা, বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, পটুয়াখালী, ভোলাসহ দক্ষিণাঞ্চলে গতকাল শুক্রবার মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। দেশবাসী ‘মুক্তিযুদ্ধের চেতনায় জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয়’ ব্যক্ত করেন। ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, শহীদ বেদি, বধ্যভূমি ও গণকবরে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রত্যুষে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিত করা হয়।
সকাল সাড়ে আটটায় খুলনা জিলা স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন বাহিনী/প্রতিষ্ঠানের বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠান ও শরীরচর্চা প্রদর্শনী হয়। শহীদ হাদিস পার্কে পিআইডির আয়োজনে দিনব্যাপী মুক্তিযুদ্ধের ওপর স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যায় খুলনা জেলা প্রশাসনের আয়োজনে শহীদ হাদিস পার্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরিশাল: রাত সাড়ে ১২টায় ত্রিশ গোডাউন এলাকায় বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ছয়টা থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। পুষ্পমাল্য অর্পণ, পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধের তথ্য ও প্রামাণ্য দলিল প্রদর্শনী, কুচকাওয়াজ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।
সকাল নয়টায় শহীদ আবদুর রব সেরনিয়াত বরিশাল প্রেসক্লাবের আয়োজনে বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন করা হয়। বেলা ১১টায় সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে বের করা হয় শোভাযাত্রা।
অন্যদিকে বেলা সাড়ে ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে পৃথক আলোচনা সভার আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি। পরে সেখান থেকে বের করা হয় শোভাযাত্রা। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচি পালন করে।
ফরিদপুর: সকাল আটটায় শহরের গোয়ালচামট এলাকার শহীদ স্মৃতিফলকে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, সিপিবি, প্রথম আলো বন্ধুসভা, মহিলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর আগে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে বিজয় শোভাযাত্রা বের হয় এবং মুক্তিযুদ্ধে শহীদদের গণকবর জিয়ারত করা হয়। এরপর স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।
এ ছাড়া দুপুরে কবি জসীমউদ্দীন হল মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
সাতক্ষীরা: মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত, পুলিশ, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমন্বয়ে স্টেডিয়ামে কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শনী ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযুদ্ধবিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা, ভলিবল প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, আলোকসজ্জা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
ভোলা: কুচকাওয়াজ আর ডিসপ্লেতে ভোলার ৪৫টি প্রতিষ্ঠান অংশ নেয়। জেলা ক্রীড়া সংস্থা বিজয় দিবসে ১৮ বছরের যুবকদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। আর ভোলা সরকারি কলেজ, জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমী, বিভিন্ন উপজেলা পরিষদ, আনসার-ভিডিপি, পুলিশ, কোস্টগার্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠান সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে। মসজিদগুলোতে জুমার নামাজের পর শহীদদের জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
নড়াইল: সকাল সাতটায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, বিকেলে স্টেডিয়ামে নারী ও পুরুষদের বিভিন্ন খেলাধুলা, সন্ধ্যায় আলোকসজ্জা, শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
পিরোজপুর: সকালে পিরোজপুর স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। দুপুরে পিরোজপুর পৌরসভার উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের পৃথকভাবে সংবর্ধনা দেওয়া হয়।
এ ছাড়া গোপালগঞ্জ ও বাগেরহাটেও দিবসটি পালন করা হয়।