শহীদদের প্রতি সিরিসেনার শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাকে স্বাগত জানান l ফোকাস বাংলা
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাকে স্বাগত জানান l ফোকাস বাংলা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে লালগালিচা অভ্যর্থনা দেওয়া হয়। সফরে প্রথম দিনে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অস্থায়ী মঞ্চে নিয়ে যান। সেখানে সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি যৌথ দল তাঁদের গার্ড অব অনার প্রদান করে। পরে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

বেলা সাড়ে তিনটার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। সেখানে তিনি পুষ্পার্ঘ্য দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। পরে দর্শনার্থীদের জন্য রাখা বইতে স্বাক্ষর করেন এবং গাছের চারা রোপণ করেন। এ সময় সেখানে ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এ ছাড়া ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন মাইথ্রিপালা সিরিসেনা। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তাঁকে স্বাগত জানান বঙ্গবন্ধুর নাতনি সায়মা ওয়াজেদ হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সন্ধ্যায় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আজ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট সিরিসেনার আনুষ্ঠানিক বৈঠক হবে। বৈঠকের পর দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয়, এমসিসিআই এবং বিআইডিএর আয়োজনে বাংলাদেশ-শ্রীলঙ্কা যৌথ ব্যবসায়িক সংলাপে যোগ দেবেন। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পরে রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে অংশ নেবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।

তিন দিনের সফর শেষে কাল শনিবার কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।