
অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত হয়ে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সাধারণ মানুষের রক্তের ঋণ শোধ করতে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। অথচ বঙ্গবন্ধু তাঁর নেতৃত্বগুণে সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধে যুক্ত করতে পেরেছিলেন। আর তা সাধারণ মানুষকে পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস জুগিয়েছে।
প্রবীণ অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান তাঁর নতুন বই ফ্রম টু ইকোনমিস টু টু নেশনস: মাই জার্নি টু বাংলাদেশ (দুই অর্থনীতি থেকে দুই দেশ: বাংলাদেশের দিকে আমার অভিযাত্রা)-এ এই কথা লিখেছেন।
গতকাল শনিবার দ্য ডেইলি স্টার সেন্টারের এ এস মাহমুদ মিলনায়তনে ওই প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের সঞ্চালনায় অনুষ্ঠানে অধ্যাপক রেহমান সোবহান বইটির পটভূমি তুলে ধরেন। এরপর নির্ধারিত আলোচকদের আলোচনার পর বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সবার শেষে আবার বক্তব্য দেন বইয়ের লেখক। বইটি প্রকাশ করেছে ডেইলি স্টার বুকস। রেহমান সোবহানের ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত প্রকাশিত লেখার সংকলন এ বইটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী তাঁর বক্তব্যে রেহমান সোবহানের সঙ্গে স্বাধীনতার প্রারম্ভিক পর্বে কাজের অভিজ্ঞতার স্মৃতি তুলে ধরেন।
ড. কামাল হোসেন বলেন, ওই সময় ছাত্রদের রাজনীতিতে সম্পৃক্ত করতে রেহমান সোবহান সরাসরি ভূমিকা রেখেছেন। তবে শোষণ, বৈষম্য, দুর্নীতি ও সাম্প্রদায়িকতামুক্ত সমাজ গঠনের সংগ্রামের যাত্রা এখনো শেষ হয়নি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘৬২-তে আমরা শহীদ মিনারের চারপাশে অর্থনৈতিক বৈষম্যের বিষয়টি তুলে ধরেছিলাম। আর অর্থনৈতিক বৈষম্যকে সামনে রেখেই তৈরি হয়েছিল ছয় দফা।’
জ্যেষ্ঠ রাজনৈতিক গবেষক ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের অ্যাডজান্ট প্রফেসর রওনক জাহান বলেন, ‘রেহমান সোবহানের লেখা পড়ার পর আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি সম্পর্কে আমার ধারণা পাল্টে যায়।’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, বইটি জাতির জন্য একটি উপহার।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, ইতিহাসের পথপরিক্রমায় জাতীয় স্বার্থের প্রসঙ্গ যখন এসেছে, তখন তিনি উচ্চকিত থেকেছেন। তাঁর লেখার প্রতিপাদ্য ছিল বাঙালির প্রতি ন্যায়বিচার।
আলোচনায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এম এম আকাশ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদ।
পাকিস্তান শাসনামলে নিজের লেখার স্মৃতিচারণা করতে গিয়ে রেহমান সোবহান বলেন, ‘ওই সব দিনে ফিরে গেলে এটা ভাবি, কীভাবে এসব কথা সেদিন বলতাম। এসব কথা বলার সময় ডান-বাম চিন্তা করতাম না। এসব বলতে পারতাম, কারণ এগুলো ছিল মনের কথা।’
রেহমান সোবহান বলেন, ‘কিন্তু এখন কোনো লেখা লিখতে গেলে এটি প্রকাশের আগে এক সপ্তাহ লেগে যায় এবং পাঁচবার পড়ে মত দেন রওনক (তাঁর স্ত্রী)। স্বাধীন বাংলাদেশের অন্য সবার মতো আমাকে আজকাল প্রতিটি শব্দ নিয়ে ভাবতে হয়। কিন্তু মুক্তিযুদ্ধের সময় এবং পাকিস্তানের সামরিক শাসনামলে আমরা টেবিলে বসেই দুই ঘণ্টায় যেকোনো কিছু লিখতে পারতাম।’