শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক করা রুগ্ণ রাজনীতি: ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. কামাল হোসেন
ড. কামাল হোসেন

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক করা রুগ্ণ রাজনীতি বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। গতকাল শুক্রবার দলের স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর আরামবাগে দলীয় কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি যে বিতর্ক তুলেছে, সে বিষয়ে জানতে চাইলে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘এগুলো হলো রুগ্ণ রাজনীতি। এটা কি বিতর্কের ব্যাপার হতে পারে? এগুলোর মধ্যে ঢুকে পড়ে আমরা সময় নষ্ট করব না।’ তিনি বলেন, যে যে-ই দল করুক না কেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে সংবিধান অমান্য করার কোনো অধিকার নেই। সংবিধান সবাইকে মানতে হবে।
শহীদদের স্বপ্নপূরণে সবাইকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান ড. কামাল। তিনি বলেন, শহীদদের স্বপ্ন এখনো পূরণ হয়নি। শহীদদের স্বপ্ন পূরণে সবাইকে ঐক্যবদ্ধ ও সংগঠিত হতে হবে। বিভিন্ন অজুহাতে মানুষকে ভাগ করা রুগ্ণ রাজনীতি। কোনো দল নয়, জনগণ হিসেবে জাতীয় প্রতীক শাপলাকে কেন্দ্র করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বৈষম্যমুক্ত সমাজ গড়তে হবে।
গণফোরামের স্থায়ী কমিটির বৈঠকে আগামী ১৩ মার্চ দলের বর্ধিত সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।