শহীদদের সঙ্গে প্রহসন করবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের শহীদদের সঙ্গে প্রহসন না করার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্রের’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তথ্যমন্ত্রী এ দাবি জানান। জাসদের ঢাকা মহানগর শাখা এ সমাবেশের আয়োজন করে। খালেদা জিয়াকে উদ্দেশ করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ইনু বলেন, জামায়াতের হাত ধরে শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাওয়া প্রহসন ছাড়া আর কিছুই নয়। কাজেই, জামায়াতের রাজনৈতিক সঙ্গীদের স্মৃতিসৌধ ও শহীদ মিনারে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব সংহত রাখার জন্য রাজনৈতিক অঙ্গন থেকে জামায়াত-শিবিরকে নির্মূল করতে হবে।