
২৪ বছর পর পালিত হলো সিলেটের তারাপুর চা-বাগান গণহত্যা দিবস। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে নগরের উপকণ্ঠ পাঠানটুলা এলাকার তারাপুর চা-বাগানে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধ চলাকালে ১৮ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী বাগানের মালিক গুপ্ত পরিবারের পাঁচ সদস্যসহ ৩৯ জন শ্রমিক-কর্মচারীকে হত্যা করে। শহীদ পরিবারের সদস্যদের গতকাল বাগান কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রথমবারের মতো সম্মাননা জানানো হয়।
সকাল সাড়ে ১০টায় চা-বাগানে স্থাপিত গণহত্যার স্মারকস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত নাট্য পরিষদ, উদীচী, খেলাঘরসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। এরপর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার। শুরুতেই শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাগানের সেবায়েত ও শহীদ পরিবারের সদস্য পঙ্কজ কুমার গুপ্তের সভাপতিত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের কমান্ডার ভবতোষ রায়বর্মণ, ডেপুটি কমান্ডার আবদুল খালিক, রাজনীতিবিদ বিজিৎ চৌধুরী, বাদল কর, সাংবাদিক বশির আহমদ, সুকেশ চন্দ্র দেব, সাংস্কৃতিক সংগঠক আমিনুল ইসলাম চৌধুরী, সিটি করপোরেশনের কাউন্সিলর ইলিয়াছুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
মো. রাহাত আনোয়ার বলেন, মহান মুক্তিযুদ্ধে যেসব স্থানে গণহত্যা সংঘটিত হয়েছে, সেসব স্থান ইতিহাসের একটি অংশ। এ স্থানগুলো সংরক্ষণে সবাইকে এগিয়ে আসা উচিত। তারাপুর চা-বাগানের শহীদদের স্মৃতি সংরক্ষণেও কাজ করা হবে। আলোচনা সভা শেষে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
চা-বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্ত গতকাল বিকেলে বলেন, ‘বাগানটি হাতছাড়া হয়ে যাওয়ায় ১৯৯৩ সালের পর দিবসটি উদ্যাপন করতে পারিনি।’