শহীদদের স্মরণে আলো প্রজ্বালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমি সংরক্ষণ ও সেখানে পূর্ণাঙ্গ স্মৃতিসৌধ নির্মাণ করার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল বুধবার সন্ধ্যায় বধ্যভূমির স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ করেন তাঁরা।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ‘গণহত্যার শিকারগ্রস্তদের স্মরণ ও মর্যাদাদান এবং গণহত্যা প্রতিরোধের আন্তর্জাতিক দিবস’ শিরোনামে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন কর্মসূচির উদ্বোধন করেন।
দুই একর জায়গাজুড়ে এ বধ্যভূমি। এখানে ২০০৭ সালে ‘জিয়া বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইনস্টিটিউট’ ভবন নির্মাণ শুরু করে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটিসি)। তবে ২০১০ সালে আদালতের নিষেধাজ্ঞার কারণে ভবন নির্মাণ স্থগিত করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘চট্টগ্রামে অনেক বধ্যভূমি রয়েছে। এটি অন্যতম। এই পুরো জায়গা সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। জায়গাটি নিয়ে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় বধ্যভূমি সংরক্ষণের পক্ষে রায় হয়েছে। আর একটি মামলা নিষ্পত্তির প্রক্রিয়ায় আছে। মামলা নিষ্পত্তি হলে জমি অধিগ্রহণ করতে হবে। তাহলে পুরো জায়গা নিয়ে পূর্ণাঙ্গ স্মৃতিসৌধ হবে।’
বক্তৃতার পরই সন্ধ্যা ছয়টায় স্মৃতিস্তম্ভ মোমবাতি জ্বালিয়ে আলো প্রজ্বালন কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় আগুনের পরশমণি গান গেয়ে শোনান শিল্পীরা।
জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা মোসলেম উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাবুদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম। কবিতা আবৃত্তির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। আবৃত্তি করেন ফারুক তাহের, মিলি চৌধুরী, অঞ্চল চৌধুরী, মুজাহিদুল ইসলাম, দিলরুবা খানম ও শুভ্রা বিশ্বাস।