শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাষ্ট্রপতির
মুক্তিযুদ্ধে গণহত্যার শিকার শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাজধানীতে বঙ্গভবন চত্বরে ২৫টি গাছের চারা রোপণের মাধ্যমে গতকাল শনিবার তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ৩০ লাখ গাছের চারা রোপণের লক্ষ্য নিয়ে এ কর্মসূচির আয়োজন করেছে ’৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি।
পরিবেশ নির্মল রাখতে এবং তাপমাত্রা বৃদ্ধি রোধে বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা, তাঁদের পরিবারের সদস্য, পেশাজীবী, রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, বিদেশি কূটনীতিকসহ সমাজের সর্বস্তরের মানুষের প্রতি সবুজ বনায়ন নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় তিনি বিশ্ববাসীর প্রতি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ করারও আহ্বান জানান।
গণহত্যা দিবসে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে রাষ্ট্রপতি বলেন, ‘এই কর্মসূচি শুধুমাত্র পাকিস্তানি বাহিনীর নৃশংসতার কথাই স্মরণ করিয়ে দেবে না, বরং গণহত্যার বার্তাটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ’৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের (কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল) মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান এবং শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী প্রমুখ।
সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল বিকেলে শেরেবাংলা নগর জাতীয় প্যারেড স্কয়ারে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি প্রদর্শনস্থলে পৌঁছার পরপর বিমানবাহিনীর কয়েকটি যুদ্ধবিমান প্রদর্শনস্থলের ওপর দিয়ে উড়ে যায় এবং প্যারাট্রুপাররা সফলভাবে প্রদর্শনস্থলে অবতরণ করেন।
পরিদর্শনকালে রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তিন বাহিনী তাদের নিয়মিত কর্মকাণ্ডের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নেও অবদান রেখে চলেছে।