শহীদদের স্মরণে ৪৩ বছর পর প্রথম অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলা উপজেলার নিরমইল ইউনিয়নের হালিমনগর বধ্যভূমিটি আজও বধ্যভূমি হিসেবে চিহ্নিত হয়নি। ১৯৭১ সালের ৩০ নভেম্বর এখানে আদিবাসী ও হিন্দু ধর্মাবলম্বী মিলিয়ে ৩৬ জনকে হত্যা করে পুঁতে রাখে পাকিস্তানি সেনারা। তাদের সহায়তা করে স্থানীয় রাজাকাররা।
ঘটনার ৪৩ বছর পর শহীদদের স্মরণে প্রথমবারের মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ রোববার সকালে বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ জন্য ‘নিরমইল হালিমনগর বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ পরিষদ’ নামে ২১ সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। বমেন চন্দ্র বর্মণকে কমিটির আহ্বায়ক ও গুলু মুরমুকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিতে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরাও রয়েছেন।
পাকিস্তানি সেনাদের গুলিতে হতাহত ব্যক্তিদের আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৭১ সালের এই দিনে কালো দিন ছিল নওগাঁর পত্নীতলা থানাধীন সিহাড়া ইউনিয়নের পাইকবান্দা ও হলাকান্দর এবং নিরমইল ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সাঁওতাল আদিবাসীদের জীবনে। ওই দিন এ তিনটি গ্রামের ১৮ জন এবং পত্নীতলা ও ধামইরহাট থানার বিভিন্ন গ্রাম থেকে আসা লোকজন মিলিয়ে মোট ৩৬ জনকে নির্বিচারে হত্যা করে পাকিস্তানি সেনারা। এ হত্যাকাণ্ডে সহায়তা করে রাজাকাররা।
নিহতদের স্বজনের ভাষ্যমতে, ওই দিন সকালে ধান কাটায় ব্যস্ত ছিলেন আদিবাসী ও হিন্দু খেতমজুর এবং গরিব কৃষকেরা। সকাল ১০টার দিকে পাকিস্তানি সেনা ও রাজাকার বাহিনীর ৩০০ থেকে ৩৫০ জন সদস্য এসে ধানখেত এবং পাইকবান্ধা, হলাকান্দর ও সৈয়দপুর গ্রাম থেকে প্রায় ৫০ জনকে ধরে নিয়ে যায়। তাদের নেওয়ার সময় বলা হয়, পাকিস্তানি সেনাদের জন্য বাংকার খুঁড়ে দিতে হবে। কিন্তু ঘটনাস্থলে নিয়ে সারিবদ্ধ করে তাঁদের ব্রাশফায়ার করে পাকিস্তানি সেনারা। ঘটনাস্থলেই প্রাণ হারান ৩৬ জন।
ওই দিন পায়ে গুলিবিদ্ধ হওয়া সৈয়দপুর গ্রামের গুলু মুরমু (৫৬) প্রথম আলোকে জানান, গুলিতে আহত হয়ে তিনি মরার মতো পড়ে ছিলেন। পাকিস্তানি সেনা ও রাজাকাররা ঘটনাস্থল ত্যাগ করার পর তিনি হামাগুড়ি দিয়ে পাশের শালবাগানে গিয়ে আশ্রয় নেন। পরে রাতে পাশের মোল্লাপাড়া গ্রামে যান। আত্মীয়স্বজনের সহায়তায় গরুর গাড়িতে করে ভারতের পশ্চিম দিনাজপুরের মলডাঙ্গায় যান। মুক্তিযোদ্ধাদের গাড়িতে করে গিয়ে সেখানে বালুরঘাট হাসপাতালে ভর্তি হন। সেরে উঠতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত হাসপাতালে থাকতে হয়। তিনি আরও জানান, একই দিন গুলিতে আহত একই গ্রামেরল্যাদোন সরেন চার বছর পর মারা যান। এ ছাড়া গুলিতে আহত পাইকবান্ধার বার্নাট সরেন হামাগুড়ি দিয়ে বাড়িতে এসে মায়ের সঙ্গে দেখা করেছিলেন। মাকে বলেছিলেন, ‘মা, তোমরা পালিয়ে যাও। আমি আর বাঁচব না।’এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান। ওই দিন গুলিতে আহত সৈয়দপুর গ্রামের যতিন মুরমু আজও ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছেন।
গুলু মুরমু জানান, শুধু তিন গ্রামের নিহত আদিবাসীদের নাম সংগ্রহ করা সম্ভব হয়েছে। এঁরা হলেন পাইকবান্ধা গ্রামের বার্নাট সরেন, বুধু হেমব্রম, সুফল মুরমু, রবিকান্ত বর্মণ, সরকার মুরমু, টুডু মুরমু, ভুতু সরেন, বুধরাই টুডু, যাদু মুরমু, খাড়া সরেন, মুসাই সরেন, চুড়কা টুডু ও সুপল হেমব্রম; সৈয়দপুর গ্রামের বয়লা হাসদা, মুন্সি টুডু, জোনা টুডু ও মাঝি সরেন এবং হলাকান্দর গ্রামের মাথলা মুরমু।