জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেছেন, ‘৪০ বছর আগের হাড়গোড় জোগাড় করে টেবিলে আনা হয়। এই হাড্ডি কোনটা কার বাপের, তা কে ঠিক করবে? এগুলো যে নিজামী-মুজাহিদ করেছেন, তা কি হাড্ডির গায়ে লেখা আছে?’গতকাল বৃহস্পতিবার দুপুরে পল্টনের একটি রেস্তোরাঁয় জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াতের ভারপ্রাপ্ত আমির একাত্তরের শহীদদের উদ্ধার হওয়া হাড়গোড় নিয়ে এভাবে কটাক্ষ করেন। অনুষ্ঠানে কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক জামায়াত নেতাদের মাঠে নেমে আন্দোলন করার পরামর্শ দেন। তা না হলে যুদ্ধাপরাধের অভিযোগে আটক নেতারা মুক্ত হতে পারবেন না বলেও ইঙ্গিত দেন তাঁরা। দেশব্যাপী দলের বার্ষিক গণসংযোগ সপ্তাহ উপলক্ষে ঢাকা মহানগর জামায়াত এই মতবিনিময়ের আয়োজন করে। ৬ মে শুরু হওয়া এই গণসংযোগ আজ শুক্রবার শেষ হবে।মকবুল আহমাদ বলেন, ‘আগে আমাদের রেজাকার (রাজাকার), মৌলবাদী, জঙ্গিবাদী বলে গালাগালি করত। যখন দেখেছে এসব মাল চলে না, তখন অনেক গবেষণা করে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে।’ আওয়ামী লীগের এই খেলাও খতম হবে বলে তিনি মন্তব্য করেন।দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘জামায়াতকে যতটা দুর্বল ভাবা হয়, ততটা দুর্বল নয়।’মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দৈনিক সংগ্রাম-এর সম্পাদক আবুল আসাদ, নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, কলামিস্ট সাদেক খান, দৈনিক ইনকিলাব-এর সহযোগী সম্পাদক মোবায়েদুর রহমান, বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাবেক সভাপতি খন্দকার মনিরুল আলম, নিউ নেশন-এর সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, ডিইউজের একাংশের সভাপতি আবদুস শহীদ প্রমুখ বক্তব্য দেন।