একাত্তরের ২৩ মে পাকিস্তানি সেনাবাহিনী নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের মুক্তিযোদ্ধা সৈয়দ নওয়াব আলী বাড়ির উঠানে তাঁর চার ভাইকে গুলি করে হত্যা করে। ওই দিন ভোরবেলা ইতনা গ্রামে ৩৯ জনকে হত্যা করা হয়। এর আগে ১৫ মে সেখানে একইভাবে তিনজনকে হত্যা করা হয়।
সৈয়দ নওয়াব আলী স্মৃতি হাতড়ে বলেন, ‘আমার বয়স তখন ১৭। কলেজের ছাত্র ছিলাম। ভোরবেলা চারপাশে গুলির শব্দ। পাকসেনারা গ্রামে ঢুকে নির্বিচারে গুলি করছে—এ কথা শুনে ভাইয়েরা আমি ছাত্র হওয়ায় আমাকে দ্রুত বাড়ি থেকে সরে যেতে বলেন। আমি সরে যাই। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি চার ভাইয়ের লাশের সামনে মা নির্বাক বসে আছেন। ওই সন্ধ্যায় পাকসেনাদের ভয়ে গ্রামে মানুষ ছিল না। ভাইদের পরনে ছিল লুঙ্গি ও শার্ট। ওই পোশাকেই গ্রামের মাত্র তিনজন লোক একটি কবর খুঁড়ে চার ভাইকে দাফন করেছিলাম। এরপর যুদ্ধে অংশ নিতে ভারতে যাই প্রশিক্ষণে। পরে বিভিন্ন যুদ্ধে অংশ নিয়ে পাক হানাদারদের পরাস্ত করি।’
সৈয়দ নওয়াব আলী বলেন, দেশ স্বাধীনের পর এই শহীদ পরিবারের সদস্যদের নিজ হাতে আবেগপ্রবণ চিঠি লিখে দুই হাজার করে টাকা পাঠিয়েছিলেন বঙ্গবন্ধু। নওয়াব আলী বলেন, রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য শহীদ পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় অনেক আবেদন-নিবেদন করেছেন। এই গণহত্যার শিকার শহীদদের স্বীকৃতি মেলেনি ৪৩ বছরেও।
গ্রামে গিয়ে কথা হয় শহীদ নবীর শেখের স্ত্রী হারু বিবির সঙ্গে। একাত্তরে তাঁর বয়স ছিল ৩১। তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হারু বিবির কাছে স্মৃতিকথা জানতে চাইলে তাঁর চোখ দিয়ে জল বেরিয়ে আসে। তিনি বলেন, ‘পাকসেনারা গুলি করতে করতে বাড়িতে ঢুকছে—এ অবস্থা দেখে (নবী) আমাকে বলেছিলেন, তুমি পাশের চাচার বাড়ির মধ্যে থাকো। আমি গেলাম, পরে আসছি। এর পরপরই বাড়ির পাশেই তাঁকে গুলি করে হত্যা করা হয়।’ প্রতিবেশীরা জানান, দিনমজুর তিন ছেলেকে নিয়ে মানবেতর জীবন কাটছে হারু বিবির।
শহীদ শফিউদ্দিন মোল্লার একমাত্র সন্তান মুক্তিযোদ্ধা মোল্লা শাহাদত হোসেন বলেন, ‘গ্রামের সব শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। এ দাবি অন্য শহীদ পরিবারের সদস্যদেরও।’
ইতনা গণগ্রন্থাগারের সাবেক সম্পাদক ও ইতনা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আতাউর রহমান বলেন, ইতনা গণগ্রন্থাগারের উদ্যোগে ও গ্রামের শেখ জামালউদ্দিনের সহযোগিতায় ২০০৮ সালের ১৯ মার্চ ইতনা চৌরাস্তায় শহীদদের নামফলক উন্মোচন করা হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম কবির বলেন, ইতনা ছিল মুক্তিযোদ্ধাদের ঘাঁটি। একাত্তরের মধ্য এপ্রিলে ইতনা মাধ্যমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্প করা হয়েছিল। এসব কারণে পাকসেনারা ক্ষুব্ধ ছিল এই গ্রামের ওপর। ওই সব শহীদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দ্রুত দেওয়া উচিত।