শহীদমাতা নুরুন নাহার বেগমের ইন্তেকাল
শহীদমাতা নুরুন নাহার বেগম আর নেই। গতকাল শুক্রবার সকাল ১০টায় ঢাকা নিউ কলোনি আসাদগেটের বাসায় ৮৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকালই ময়মনসিংহ জেলার রসুলপুর গ্রামে তাঁর ছেলের নামে প্রতিষ্ঠিত লে. আতিকুর রহমান উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি মরহুম প্রকৌশলী সিরাজুল হকের স্ত্রী, নারী সংগঠক ও শিল্পোদ্যোক্তা মালেকা খানের মা ও প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীনের মাতামহী। মরহুমার কুলখানি ১৯ জুলাই বাদ আসর রসুলপুরের পণ্ডিতবাড়িতে অনুষ্ঠিত হবে। একাত্তরে শহীদ লে. আতিকুর রহমানের মা নুরুন নাহার বেগমের খুব ইচ্ছা ছিল যুদ্ধাপরাধীদের বিচার দেখে যাওয়া। কিন্তু তার আগেই বার্ধক্যজনিত রোগে মারা গেলেন তিনি। পাঁচ ছেলে ও সাত মেয়ের গর্বিত মা নুরুন নাহারের বাবা ছিলেন শিক্ষাবিদ আবদুল মজিদ। বৃহত্তর ঢাকা জেলার আড়াইহাজার থানার প্রভাকরদি গ্রামের সুপরিচিত মিয়াবাড়িতে ১৯২৪ সালের ৩ মার্চ তিনি জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।