শহীদস্মৃতি বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে চট্টগ্রামে মতবিনিময় সভা
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ৩০ লাখ বৃক্ষ রোপণ করা হবে। এতে সাধারণ মানুষ এসব গাছের রক্ষণাবেক্ষণের ব্যাপারে যত্নশীল হবে। তরুণ প্রজন্মও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে। আর এসব গাছ প্রাকৃতিক বিপর্যয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন শাহরিয়ার কবির। ‘শহীদস্মৃতি বৃক্ষরোপণ’ কর্মসূচি উপলক্ষে চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশিষ্টজনদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম শাখা। ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসে বঙ্গভবনে এই কর্মসূচির উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মতবিনিময় সভায় শাহরিয়ার কবির বলেন, তিন বছরের মধ্যে ৩০ লাখ গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সারা দেশ থেকে যে পরিমাণ সাড়া পাওয়া গেছে, তাতে এক বছরের মধ্যেই ৩০ লাখ গাছ রোপণ করা সম্ভব হবে। তিনি বলেন, যাঁর জমিতে গাছ লাগানো হবে, তিনিই হবেন এর মালিক। তবে শর্ত থাকবে, ২০-৩০ বছরের আগে ওই গাছ কাটা যাবে না। একটি গাছ কাটলে তখন দুটি গাছ লাগাতে হবে। এই কর্মসূচি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হবে।
সভায় মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমান্ডার মো. সাহাবউদ্দিন বলেন, শহীদদের স্মরণে গাছ লাগানোর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তবে গাছগুলোর রক্ষণাবেক্ষণের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসাধারণ সম্পাদক শওকত বাঙালির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ ও চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইশতিয়াক আহমদ।