শহীদুজ্জামানের দাফন বরিশালে সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় নিহত বরিশালের মতবাদ পত্রিকার আলোকচিত্রী শহীদুজ্জামানের মরদেহ গতকাল শনিবার বরিশালে দাফন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে নয়টায় নগরের কালীবাড়ি সড়কের সরকারি বরিশাল কলেজ মাঠে শহীদুজ্জামানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ নেওয়া হয় মতবাদ-এর কার্যালয় ও বরিশাল প্রেসক্লাবে। বেলা ১১টায় অশ্বিনীকুমার হল চত্বরে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ নগরের মুসলিম কবরস্থানে দাফন করা হয়।গতকাল প্রেসক্লাব ও অশ্বিনীকুমার হলের সামনে শহীদুজ্জামানের মরদেহে শ্রদ্ধা নিবেদন করতে আসা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ নিরাপদ সড়ক ও স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার দাবি তোলেন। একই সঙ্গে তাঁরা বেপরোয়া গাড়িচালক ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও জানান। শুক্রবার রাত একটায় শহীদুজ্জামানের মরদেহ বরিশালে পৌঁছালে বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন মরদেহ গ্রহণ শেষে দোষী চালকের বিরুদ্ধে আইন করে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। গত শুক্রবার বেলা দেড়টায় রাজধানীর রূপসী বাংলা হোটেল (শেরাটন হোটেল) এলাকা অতিক্রমকালে সদরঘাট থেকে মিরপুরগামী ইউনাইটেড পরিবহনের একটি বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন শহীদুজ্জামান।