শহীদুল হক আরও এক বছর পররাষ্ট্রসচিবের দায়িত্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. শহীদুল হক
মো. শহীদুল হক

পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের অবসরোত্তর ছুটি বাতিল করে একই পদে তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগের তথ্য জানিয়ে এক আদেশ জারি করেছে। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা শহীদুল হকের চাকরির মেয়াদ আগামী ৩০ ডিসেম্বর শেষ হওয়ার কথা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, শহীদুল হককে তাঁর অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে ৩১ ডিসেম্বর ২০১৮ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর সরকারের জ্যেষ্ঠ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে পদায়ন করা হলো।

এই মুহূর্তে পররাষ্ট্রসচিবসহ জনপ্রশাসনে জ্যেষ্ঠ সচিব ছয়জন। শহীদুল হক ২০১৩ সালের ১০ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে যোগ দেন। ওই বছরের ১৯ জুলাই সচিব পদে পদোন্নতি পান তিনি। গত ৩০ জুলাই তাঁকে জ্যেষ্ঠ সচিব করা হয়। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের (১৯৮৪ সাল) কর্মকর্তা শহীদুল হক ২০০১ সাল থেকে বিশেষ ছুটিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় (আইওএম) কাজ করেন। এ সময় তিনি ঢাকায় আইওএমের দক্ষিণ এশিয়ার এবং মিশরে মধ্যপ্রাচ্যের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব পদে যোগ দেওয়ার আগে তিনি জেনেভায় আইওএম সদর দপ্তরে সংস্থার বহিঃসম্পর্ক, দাতা সমন্বয় ও আন্তর্জাতিক অভিবাসন নীতিমালা বিষয়ক পরিচালক হিসেবে কাজ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শহীদুল হক পরে যুক্তরাষ্ট্রের ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন।