শহীদের আত্মা শান্তি পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেক্টর কমান্ডারস ফোরামের সহসভাপতি কে এম সফিউল্লাহ বলেছেন, ‘৪১ বছর পর যুুদ্ধাপরাধের বিচার পেলাম। ৩০ লাখ শহীদের আত্মা আমাদের দিকে তাকিয়ে ছিল। এখন তাঁদের আত্মা কিছুটা শান্তি পাবে। এই বিচারে আমরা সন্তুষ্ট।’মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশের রায় ঘোষণার পর গতকাল সোমবার দুপুরে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় সফিউল্লাহ এ কথা বলেন। এ সময় সেক্টর কমান্ডারস ফোরাম সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে মানবতাবিরোধী অপরাধের বিচার বানচালের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য মানববন্ধন করছিল। কে এম সফিউল্লাহ বলেন, ‘আজকের (সোমবার) দিনটি ঐতিহাসিক। এই বিচার হওয়া উচিত ছিল। আমরা আশা করব, বাকি যুদ্ধাপরাধীদের বিচারের কাজ দ্রুত শেষ হবে। এতে শহীদদের আত্মা শান্তি পাবে।’এ দেশীয় দোসরদের সহযোগিতায় পাকিস্তানি সেনাবাহিনী নিরীহ বাঙালিদের হত্যা করেছে উল্লেখ করে সফিউল্লাহ বলেন, ‘আমি সেক্টর কমান্ডার হিসেবে দেখেছি, পাকিস্তানিরা কীভাবে নিরীহ বাঙালিদের হত্যা করেছে। আমাদের হাতে অনেক পাকিস্তানি বন্দী ছিল। আমরা তাদের হত্যা করিনি। কারণ, বাঙালিরা অসহায় মানুষকে হত্যা করে না।’ বাচ্চু রাজাকারের পালিয়ে যাওয়া সম্পর্কে সাবেক এই সেনাপ্রধান বলেন, ‘বাচ্চু রাজাকার কিছু লোকের সহযোগিতায় দেশ ছেড়ে পালিয়েছে।