শহুরে পাতে পাহাড়ি পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁশে মুরগি হেবাং আর কলাপাতায় মাছ হেবাং। ছবিটি ‘হেবাং’-এর ফেসবুক পাতা থেকে সংগৃহীত
বাঁশে মুরগি হেবাং আর কলাপাতায় মাছ হেবাং। ছবিটি ‘হেবাং’-এর ফেসবুক পাতা থেকে সংগৃহীত

‘মুরগি হরবো’, ‘গরুর গুদেয়ী’, ‘শুঁটকি হেবাং’—বাঙালি কানে নামগুলো শুনতে একটু খটোমটো মনে হলেও এগুলোর স্বাদ কিন্তু খাসা। চাকমা খাবারের পদ এগুলো। আলাদা কায়দায় রান্না এই পাহাড়ি খাবারগুলো ঢাকায় পাওয়া যাচ্ছে ‘হেবাং’-এ।
চাকমা ভাষায় হেবাং বলতে ভাপে রান্নার বিশেষ পদ্ধতিকে বোঝায়। কলাপাতা বা বাঁশের চোঙে এই কায়দায় মাছ, মাংস, সবজি, শুঁটকি সবই রান্না হয়। এই নাম অনুসারে চলতি বছরের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করেছে অনলাইনভিত্তিক পাহাড়ি খাবারের দোকান হেবাং।
হেবাংয়ের উদ্যোক্তা প্রিয়াঙ্কা চাকমা একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেন। তাঁর তিন বোনও এখন এই ব্যবসার সঙ্গে জড়িত। বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবনে প্রিয়াঙ্কার কম তেল-মসলায় রাঁধা চাকমা পদগুলো বাঙালি বন্ধুদের খুব পছন্দের ছিল। আর ঢাকায় বসে পাহাড়ি খাবার খেতে পাওয়ার সুযোগও খুব কম। তাই চাকমা খাবারকে পরিচিত করা ও ঢাকাবাসীকে নতুন কিছুর স্বাদ দিতে হেবাংয়ের শুরু।
প্রিয়াঙ্কার কথায়, ‘ঢাকায় এখন মোটামুটি সবাই থাই, চায়নিজ, ইতালিয়ান এসব বিদেশি খাবার চেনে। কিন্তু নিজের দেশের আদিবাসীদের খাবার সম্পর্কে জানে না। হেবাংয়ের মাধ্যমে এই পাহাড়িদের স্বাস্থ্যসম্মত খাবারগুলো সবার কাছে পরিচিত করার চেষ্টা করছি।’
হেবাংয়ের খাবারের তালিকায় আছে ‘হরবো’ ও ‘গুদেয়ী’ নামের ভর্তাধরনের রান্না। আছে হেবাং পদ্ধতির ভাপে রান্না। গরু, মুরগি, শুঁটকি, কবুতর, মাছ, সবজি, ডিম—নানা কিছু রান্না হয় এসব কায়দায়। চালের গুঁড়া মেশানো ঝোল ঝোল ‘মুরগি হড়োই’ও পাওয়া যাবে এখানে। বাঁশের চোঙে রান্না করা বিভিন্ন ধরনের মাংসের ঐতিহ্যবাহী পদগুলো তো আছেই। আর আছে নানা ধরনের ভর্তা।
পাহাড়ের বিভিন্ন সবজি যেমন, বাঁশের কোঁড়, হলুদ ফুল, আদা ফুল, পাহাড়ি শিম, জুমের কুমড়া—শসার নানা পদও মৌসুম অনুযায়ী হেবাংয়ে পাওয়া যায়।
এই রান্নাগুলো খেতে হেবাংয়ের ফেসবুক পাতায় আগের রাতে ফরমাশ করতে হবে। ফেসবুকের অনুসন্ধানের ঘরে ইংরেজিতে হেবাং (Hebaang) লিখলেই পাতাটি চলে আসবে। সেখানে দামসহ খাবারের তালিকা দেওয়া আছে। রাতে জানিয়ে রাখলে পরদিন দুপুরে খাবার নিয়ে গ্রাহকের দরজায় পৌঁছে যাবেন হেবাংয়ের সরবরাহকারী দলের সদস্যরা। আর রাতের বেলা খেতে চাইলে ওই দিন সকালে খাবারের ফরমাশ করতে হবে।
হেবাংয়ের একজন নিয়মিত গ্রাহক রোকসানা রশীদ বলেন, কম তেল-মসলায় রান্না আর টাটকা স্বাদের জন্য হেবাংয়ের খাবার তাঁর পরিবারের সদস্যদের খুব পছন্দের। তিনি বলেন, ‘এখানকার চাকমা খাবারগুলোর প্রতিটিই আলাদা ধরনের। আর কোনোটিতেই মসলার খুব চড়া স্বাদ নেই।’
হেবাংয়ের মাছ, মাংস, সবজির পদগুলো পাওয়া যাবে ৮০ থেকে ৮০০ টাকায়। ঢাকার যেকোনো এলাকায় সরবরাহের খরচ ৮০ টাকা। প্রতিবার ন্যূনতম ৪০০ টাকার খাবার অর্ডার করতে হয়।
হেবাংয়ের ঝাল ঝাল পাহাড়ি পদগুলো খেতে হবে ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে। প্রিয়াঙ্কার মতে, ‘ঝাল কমিয়ে রান্না করলে পাহাড়ি রান্নার আসল স্বাদটা পাওয়া যাবে না।’