শহুরে পিঠায় গ্রামের ঘ্রাণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতের পিঠা বিক্রি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়
শীতের পিঠা বিক্রি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়

ঋতুচক্র অনুযায়ী এখনো শীতকাল শুরু হয়নি। তবে রাজধানীজুড়ে দুদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শেষে গতকাল আকাশ ছিল মেঘে ঢাকা। এ বোধ হয় আসল শীতের আগমনী বার্তা। গলিতে গলিতে পিঠা বিক্রি সেই আগমনকে যেন আগাম অভিনন্দিত করার আয়োজন।

মিরপুর কালশীর মোড়ে নাসিমা বেগম চালের গুঁড়া, গুড়, ভর্তা আর সবুজ রঙা প্লাস্টিকের পিরিচ সাজাতে ব্যস্ত। এরপর গরম কড়াইয়ে চালের গোলা দিয়ে ঢেকে দেন।
পিঠাটি খাওয়ার উপযোগী হতে কিছু সময় দরকার। কিন্তু সাত বছরের শেখ সাদীর এই অপেক্ষা সহ্য হচ্ছে না। সে বারবার মাকে জিজ্ঞেস করছে, ‘আম্মু, আর কতক্ষণ পরে আমরা পিঠা খেতে পারব।’
কয়েক মিনিটের মধ্যেই ক্রেতার ভিড় জমে যায়। পত্রিকায় ঢাকা পিরিচে পিঠা নেন ব্যবসায়ী সানাউল্লাহ হক। পিঠার কোনা ভেঙে ভর্তা মিশিয়ে মুখে পুরে বলেন, ‘ছোটবেলার একটা সুখকর স্মৃতি হচ্ছে শীতের সকালে চুলার পাশে বসে ঝোলা গুড় মিশিয়ে চিতই পিঠা খাওয়া।’
গ্রাম থেকে শহরে এসে পিঠার সঙ্গে যুক্ত হয়েছে নানা ভর্তা। এর মধ্যে সরিষা, ধনেপাতা, কাঁচা মরিচ, কালোজিরা, চ্যাপা শুঁটকি, নোনা ইলিশ, চিংড়ির শুঁটকি, ডাল ভর্তা বেশি চলে বলে জানান নাসিমা বেগম। এসব ভর্তা তিনি মেশিনেই বানান।
নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মৌসুমি এই দোকানগুলো জমজমাটভাবে চলছে। সব বয়সী ক্রেতারা বেশ তৃপ্তি নিয়েই খাচ্ছেন। সবচেয়ে বেশি চলে চিতই, ভাপা। তবে কোথাও কোথাও তেলের পিঠা, পাটিসাপটাও বিক্রি হতে দেখা গেছে। ৫ থেকে ২০ টাকায় এসব পিঠা মেলে।
কারওয়ান বাজারে ২০ বছর ধরে পিঠা বিক্রিতে যুক্ত আছে সুমনের পরিবার। শুরুটা মা মমতাজ বেগমের হাতে। মা মারা গেলে মৌসুমি এই কাজটি চালিয়ে যাচ্ছেন মো. সুমন। তিনি বলেন, ‘মায়ের হাতের পিডা সবাই খুব পছন্দ কইরা খাইত। সে গ্রামের মতন পিডা বানাইত।’ চালের গুঁড়া মমতাজ বেগম নিজ হাতেই করতেন।
সুমন জানান, পথচারীরা দাঁড়িয়ে গরম গরম পিঠা খেতে পছন্দ করেন। অনেকে আবার পরিবারের জন্য নিয়ে যান। এ ছাড়া পার্শ্ববর্তী প্রতিষ্ঠানগুলোতেও নিয়মিত পিঠা পাঠাতে হয়। সুমনের মালিকানায় ঢাকার তিন এলাকায় পিঠা বিক্রির দোকান চলে। প্রতিদিনের বিক্রি হাজার দশেক টাকা, লাভ থাকে হাজার দু–এক।
সুমনের দোকানের কয়েক গজ দূরে আরেকটি পিঠার দোকান। দুই দোকানের পিঠার আকৃতির ভিন্নতার বিষয়ে জানতে চাইলে তরুণ দোকানদার বলেন, ‘পাশের দোকানে দুই পদের ভর্তা। আমার দোকানে সাত পদের ভর্তা। এ জন্য পিঠার সাইজ একটু ছোট।’
মো. রফিক উদ্দিন সপ্তাহ খানেক ধরে বাসায় ফেরার পথে দুটি চিতই ও একটা ভাপা পিঠা খাচ্ছেন। তিনি বলেন, ‘পুরো শীতকাল সন্ধ্যার নাশতা পিঠা দিয়েই সারি।’ পাশ থেকে আরেকজন বলেন, ‘ঘরে পিঠা বানানোর রীতি উঠে গেছে। সেটা পুষিয়ে দেয় রাস্তার পাশের এই দোকানগুলো।’ এ নিয়েই গল্প জমে ওঠে। রসের পিঠা, নানা রকম তেলের পিঠা হারিয়ে যাওয়াই সেই আলোচনার মূল আক্ষেপ। স্মৃতিকাতর কয়েকজন রাস্তার পিঠার স্বাদ নিয়ে হতাশাও জানালেন।
মোহাম্মদপুরের বাঁশবাড়িতে মাটির চুলায় পিঠা তৈরি করেন ফিরোজা বেগম। ব্যবহার করেন মাটির খোলা। আকারে বড় পিঠাগুলো স্বাদে ভিন্ন। তিনি বলেন, ‘আমগো নানি-দাদিরা যেমনে পিডা বানাইত, আমিও হ্যামনে বানাই। মাইনসে খাইয়া স্বাদ পায়।’ তাঁর কথার রেশ ধরেই পুরো পরিবার নিয়ে পিঠা খেতে আসা শারমীন সুলতানা বলেন, ‘এখানকার পিঠায় গ্রামের ঘ্রাণ আছে।’