শহুরে সুবিধা নেই বছিলায়
মোহাম্মদপুরের বছিলা ধীরে ধীরে শহর হয়ে উঠছে। তবে সড়কব্যবস্থা এখনো ভালো হয়নি। সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলেও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়মিত হয় না। নদীতীরের এই এলাকার নদীর পাড়ও অনেক নোংরা।
গত বুধবার বছিলায় গিয়ে দেখা যায়, আবাসন প্রকল্পসহ বিভিন্ন ধরনের নির্মাণকাজ চলছে। একসময়কার বিল অঞ্চল এখন নগরায়ণ হচ্ছে। বছিলায় যাওয়ার মূল সড়কের কিছু অংশ পাকা হলেও বাজার থেকে লোকালয়ে যাওয়ার সড়কে সুরকি, সিমেন্টের স্ল্যাব ফেলে রাখা। দক্ষিণ পাড়ার দিকে যেতে ভ্যান নিয়ে ব্যবসা করা এক সবজি বিক্রেতা বিরক্ত হয়ে আর এগোতে পারেননি। স্থানীয় বাসিন্দা মো. জমির উদ্দিন বলেন, কোরবানি ঈদে এ রাস্তার কাজ শেষ হওয়ার কথা। মাঝে অনেক দিন বন্ধ ছিল। এখন তিন-চার দিন ধরে আবার শুরু হয়েছে। শামসুন্নাহার নামে আরেক বাসিন্দা বললেন, গ্যাস থাকে না। বিকেলে তাঁদের রান্না করতে হয়।
দক্ষিণ পাড়ায় কোনো পাকা সড়ক নেই। স্থানীয় ব্যক্তিরা বলেন, বর্ষায় কাদা হয় আর শীতে ধুলা ওড়ে। বছিলা সেতু থেকে ডান দিকে উত্তর পাড়ায় ঢুকতে একটি মাত্র পাকা সড়ক।
ওয়াসা থেকে পানি সরবরাহের কোনো ব্যবস্থা নেই। এলাকাবাসী নিজেরা পাম্প বসিয়ে পানি তোলে। সম্প্রতি মশার ওষুধ দেওয়ায় এর উপদ্রব কমেছে। আবু তাহের নামের একজন বাসিন্দা বলেন, ‘এখানে কোনো সুইপার নাই। আমরা নিজেরা ব্যবস্থা করি। রাস্তাঘাটও পরিষ্কার করতে লোকজন ঠিকমতো আসে না।’ সড়কগুলোর বিভিন্ন স্থানে ময়লা ফেলা। বুড়িগঙ্গা তীর ঘেঁষে বছিলা শহর। নদীর পাড়ে নানা ধরনের ময়লা ভাসছে। পানিতেও দুর্গন্ধ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের অধীন বছিলা। এই ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব প্রথম আলোকে বলেন, সড়ক তৈরির সময় নালার ব্যবস্থা ছিল না, এখন নালা করা হবে। তাই একটু দেরি হচ্ছে। কার্পেটিংয়ের জন্য এখনো অনুমোদন হয়নি। তিনি আশা করছেন, ২০ দিনের মধ্যেই কাজ শেষ হবে। পরিচ্ছন্নতার ব্যাপারে তিনি বলেন, বছিলার জন্য আলাদা করে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে। মূল সড়কের মুখে অস্থায়ী ময়লা সংগ্রহের জায়গা বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ করা হয়েছে। এটি চালু হলে ময়লার সমস্যা কমে যাবে। তারেকুজ্জামান আরও বলেন, বেড়িবাঁধের এলাকা হওয়ায় বছিলা অনেক দিক থেকেই সুবিধাবঞ্চিত। তবে তাঁরা কাজ করার চেষ্টা করছেন।