শহুরে হওয়ার বিপদে বছিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে বুড়িগঙ্গা নদীর পারের এলাকা বছিলা। শহুরে কোলাহলমুক্ত, সবুজের সান্নিধ্যে গড়ে ওঠা বছিলার বাসিন্দারা এখনো পাননি সব নাগরিক সুবিধা। বর্তমানে এই আবাসিক এলাকার মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাদক।
মোহাম্মদপুরের শহীদ বুদ্ধিজীবী সেতুর (বছিলা ব্রিজ নামেই বেশি পরিচিত) নিচে অবস্থিত বছিলা এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। গতকাল মঙ্গলবার ওই এলাকার অন্তত ১০ জন বাসিন্দা জানান, বর্তমানে বছিলা এলাকার মূল সমস্যা মাদক। এলাকায় বেশ কয়েকটি বহুতল ভবনের নির্মাণকাজ চলছে। এসব ভবনে মাদকসেবীদের আড্ডা বসে। আর নদীর পারের দিকের ফাঁকা এলাকায় দিনের বেলায়ও মাদক নিতে দেখা যায়।
বছিলা মধ্যপাড়া এলাকার দুই বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুলিশ মাঝেমধ্যে মাদকবিরোধী অভিযান চালায়। কিন্তু কয়েক দিন পর আবার আগের অবস্থা হয়ে যায়।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি মো. জামালউদ্দিন মীর প্রথম আলোকে বলেন, ‘বছিলায় বাইরের লোকজন এসে মাদক নেয়, বিক্রিও হয়। আমরা মাদক বিক্রেতাদের তালিকা করছি।’
সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলেও বছিলায় ঢাকা পানি ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) পানির সংযোগ নেই। বাসিন্দাদের নিজস্ব ব্যবস্থায় পাম্পের মাধ্যমে পানি তুলতে হয়। কিছু বাড়িতে আছে গভীর নলকূপ।
দক্ষিণপাড়ার বাসিন্দা খালেক মিয়ার জমিতে ১০টি পরিবারের বাস। তিনি নিজের অর্থায়নে ভূগর্ভস্থ পানি টেনে তোলার ব্যবস্থা করেছেন।
শহীদ বুদ্ধিজীবী সেতুর নিচ দিয়ে বছিলায় প্রবেশের প্রধান সড়কটি ভাঙা। মাটির তৈরি রাস্তাটিতে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। এ ছাড়া মধ্যপাড়া, দক্ষিণপাড়া, উত্তরপাড়া ঘুরে দেখা যায়, এসব এলাকার রাস্তাঘাটের বেশির ভাগই মাটির তৈরি। বছিলা এলাকার প্রধান রাস্তা বাদে ভেতরের রাস্তাগুলো পিচ ঢালাই করা হয়নি।
বছিলার বাসিন্দারা মশার উপদ্রবে অতিষ্ঠ। এলাকার ডোবাগুলোতে কচুরিপানা, ময়লা-আবর্জনা জমে থাকায় এগুলো পরিণত হয়েছে মশার প্রজননক্ষেত্রে। বাসিন্দাদের অভিযোগ, গত ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনের পর দু-এক দিন মশার ওষুধ দেওয়ার পরে মশা নিয়ন্ত্রণে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বছিলা উচ্চবিদ্যালয়ের পেছনের এলাকার বাসিন্দা আকতার হোসেন জানান, এলাকার অনেক জায়গায় ময়লা-আবর্জনা ও পানি জমে থাকে। মশার কামড়ে ঘরের ভেতরে বসা যায় না। দু-একবার লোকদেখানো ওষুধ ছিটানো হয়েছিল। অনেক দিন ধরে সেটিও বন্ধ।
বছিলা এলাকার সড়কগুলোতে নেই কোনো সড়কবাতি। ফলে সন্ধ্যার পরপরই অন্ধকারে ডুবে যায় পুরো এলাকা। রাস্তার আশপাশের দোকানপাট থেকে আসা আলোতে পথ চলতে হয়। এখানকার বাসিন্দারা রাজধানীর অন্যান্য এলাকায় যাওয়ার জন্য মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা ব্যবহার করেন। বছিলা থেকে মোহাম্মদপুরে যাওয়ার বাহন ভাড়ায় চালিত অটোরিকশা ও রিকশা।
উত্তরপাড়ার বাসিন্দা গালিব আহমেদ বলেন, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে অনেকটা দূরে হলেও থাকার পরিবেশ ভালো। যাতায়াত ব্যবস্থা ভালো হলে কয়েক বছরের মধ্যে বছিলা পুরো শহর হয়ে যাবে।