র‍্যাগিংয়ের দায়ে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে অর্ধনগ্ন করে র‍্যাগিংয়ের দায়ে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে অন্য পাঁচ শিক্ষার্থীকে ছয় হাজার টাকা করে ও ৯ শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে জরিমানা এবং দুই শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২০৭তম সভায় এসব সিদ্ধান্ত হয়।

বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থীর মধ্যে আশিক আহমেদ ও হামিদুর রহমানকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। অন্য তিনজনের মধ্যে মাহমুদুল হাসান ও শাহরিয়াজ জামানকে দুই বছরের জন্য এবং এক বছরের জন্য ইশতিয়াককে বহিষ্কার করা হয়েছে। তাঁদের ১০ হাজার টাকা করেও জরিমানা করা হয়েছে। এরাঁ সবাই পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী।

এ ছাড়া ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা প্রশ্ন জালিয়াতির অভিযোগে খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মো. আল আমিনকে এবং সহপাঠীকে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. রাসেল পারভেজকে আজীবনের জন্য বহিষ্কার হয়। 

রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন সিন্ডিকেটের সভার এসব সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।